দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপের গ্রুপ পর্বে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ‘জে’ গ্রুপে টানা দুই জয়ে শীর্ষস্থানও নিশ্চিত করেছে লিওনেল মেসির দল। আলজেরিয়া ও অস্ট্রিয়ার কেউই সমান পয়েন্টে পৌঁছাতে পারলেও হেড-টু-হেড ব্যবধানে আর্জেন্টিনাকে টপকাতে পারবে না। একই সঙ্গে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে জর্ডানের।
এখন প্রশ্ন, নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হবে?
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, গ্রুপসেরা হিসেবে রাউন্ড অব ৩২-এ ‘এইচ’ গ্রুপের রানার্সআপ দলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ওই গ্রুপে রয়েছে স্পেন, উরুগুয়ে, কেপ ভার্দে ও সৌদি আরব।
গ্রুপের শেষ রাউন্ডে স্পেনের মুখোমুখি হবে উরুগুয়ে। অন্য ম্যাচে খেলবে কেপ ভার্দে ও সৌদি আরব। এই দুই ম্যাচের ফলই নির্ধারণ করবে আর্জেন্টিনার প্রতিপক্ষ।
স্পেনের বিপক্ষে খেলতে হলে উরুগুয়েকে স্পেনকে হারাতে হবে। একই সঙ্গে কেপ ভার্দে-সৌদি আরব ম্যাচ ড্র হতে হবে অথবা সৌদি আরবকে জয় পেতে হবে। সেক্ষেত্রে স্পেন রানার্সআপ হয়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে।
অন্যদিকে, স্পেন যদি উরুগুয়েকে হারায় এবং কেপ ভার্দে সৌদি আরবকে হারায় কিংবা ম্যাচটি ড্র হয়, তাহলে কেপ ভার্দে রানার্সআপ হয়ে আর্জেন্টিনার মুখোমুখি হবে।
সৌদি আরবের নকআউটে ওঠার সমীকরণও রয়েছে। স্পেন যদি উরুগুয়েকে হারায় অথবা দুই দলের ম্যাচ ড্র হয় এবং সৌদি আরব কেপ ভার্দেকে হারাতে পারে, তাহলে রানার্সআপ হবে সৌদি। সেক্ষেত্রে ২০২২ বিশ্বকাপের পর আবারও সৌদি আরবের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।
এদিকে, উরুগুয়ে ও কেপ ভার্দে—দুই দলই যদি নিজেদের শেষ ম্যাচ জিতে, তাহলে রানার্সআপ নির্ধারণে বিবেচনায় আসবে গোল ব্যবধান। গোল ব্যবধান সমান হলে দেখা হবে কে বেশি গোল করেছে। সেখানেও সমতা থাকলে ফেয়ার প্লে এবং প্রয়োজন হলে ফিফা র্যাঙ্কিং বিবেচনা করা হবে।
বর্তমান পরিস্থিতিতে আর্জেন্টিনার সবচেয়ে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে কেপ ভার্দেকেই এগিয়ে রাখা হচ্ছে। তবে শেষ রাউন্ডের দুটি ম্যাচ একই সময়ে অনুষ্ঠিত হওয়ায় সমীকরণ দ্রুত বদলে যেতে পারে। বিশেষ করে উরুগুয়ে যদি স্পেনকে হারিয়ে দেয়, তাহলে নাটকীয়ভাবে স্পেনই হতে পারে আর্জেন্টিনার নকআউটের প্রতিপক্ষ।
শনিবার বাংলাদেশ সময় সকাল ৬টায় অনুষ্ঠিত হতে যাওয়া ‘এইচ’ গ্রুপের শেষ দুটি ম্যাচ তাই আর্জেন্টিনার জন্যও বিশেষ গুরুত্ব বহন করছে।
এমএস/