দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন, যাদের মধ্যে আল জাজিরার এক ক্যামেরাম্যান ও অন্তত একটি শিশু রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ ও উদ্ধারকর্মীরা।
আল জাজিরা জানিয়েছে, শনিবার মধ্য গাজার একটি বাড়িতে হামলায় তাদের সাংবাদিক আহমেদ উইশাহ নিহত হয়েছেন। প্রতিষ্ঠানটি ঘটনাটিকে ‘ঘৃণ্য অপরাধ’ হিসেবে উল্লেখ করে সাংবাদিকদের লক্ষ্য করে হত্যাকাণ্ড বন্ধের আহ্বান জানিয়েছে।
তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, উইশাহ হামাসের সামরিক শাখার একজন সদস্য ছিলেন এবং স্নাইপার অপারেটর হিসেবে কাজ করতেন। একই সঙ্গে নিহত অন্যদের নিয়েও হামাস সংশ্লিষ্টতার অভিযোগ করেছে আইডিএফ, যদিও তার পক্ষে কোনো প্রমাণ প্রকাশ করেনি।
গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত অক্টোবরের যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। জাতিসংঘ এসব পরিসংখ্যানকে নির্ভরযোগ্য বলে বিবেচনা করে।
আল জাজিরা আরও জানিয়েছে, নিহত সাংবাদিক আহমেদ উইশাহর ভাই মোহাম্মদ উইশাহও চলতি বছরের এপ্রিলে ইসরায়েলি হামলায় নিহত হন। ওই সময়ও তাকে হামাসের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ করেছিল আইডিএফ।
এদিকে বুরেইজ শরণার্থী শিবির ও গাজা সিটির সাবরা এলাকায় পৃথক হামলায় নারী ও শিশুসহ আরও কয়েকজন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় হাসপাতাল ও উদ্ধার সংস্থাগুলো। স্বজনরা এসব হামলায় বেসামরিক মানুষ নিহত হওয়ার অভিযোগ করেছেন।
ইসরায়েল ও হামাস একে অপরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য দায়ী করছে। গাজায় মানবিক পরিস্থিতি অবনতির মধ্যেই নতুন করে হামলার ঘটনায় উদ্বেগ আরও বেড়েছে বলে জানিয়েছে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো।
সূত্র: বিবিসি
এমএস/