দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার পদত্যাগ নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, যতদিন বেঁচে থাকবেন, ততদিন দায়িত্ব পালন করে যাবেন।
সোমবার (১ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম প্রেস টিভি।
রোববার (৩১ মে) মন্ত্রিসভার বৈঠকে বক্তব্য দিতে গিয়ে পেজেশকিয়ান বলেন, ‘যতদিন আমার নিঃশ্বাস চলবে, আমি আমার পথচলা অব্যাহত রাখব। আমরা হয় শক্তির সঙ্গে এগিয়ে যাব, নয়তো শহীদ হব—উভয় ক্ষেত্রেই এটি আমাদের জন্য বিজয়।’
তিনি বলেন, ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জীবনের চেয়ে তার নিজের জীবন বেশি মূল্যবান নয়। দেশের সমস্যা সমাধানে মাঠপর্যায়ে থেকে বাস্তবতার ভিত্তিতে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
পেজেশকিয়ান বলেন, ‘আমাদের ঘটনাস্থলে উপস্থিত থেকে সমস্যাগুলো সমাধান করতে হবে। বাস্তব পরিস্থিতিতে আমাদের সততার সঙ্গে কাজ করতে হবে এবং আল্লাহ আমাদের সাহায্য করবেন।’
এর আগে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘ইরান ইন্টারন্যাশনাল’ এক প্রতিবেদনে দাবি করে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান তার পদত্যাগপত্র সর্বোচ্চ নেতার কাছে জমা দিয়েছেন।
তবে এ দাবি তাৎক্ষণিকভাবে নাকচ করে দেয় ইরান সরকার। দেশটির সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএকে বলেন, শত্রুভাবাপন্ন গণমাধ্যমের এ ধরনের দাবি দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টার অংশ।
তিনি বলেন, ‘জাতীয় ঐক্য যখন আরও শক্তিশালী হয় এবং সংকটের সময়ে জনগণ সংহতির পরিচয় দেয়, তখনই সন্দেহ, হতাশা ও অস্থিতিশীলতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা বাড়ে।’
মোহাজেরানি আরও বলেন, ‘অনেকে বাস্তবতার পরিবর্তে নিজেদের ইচ্ছাকে সংবাদ হিসেবে প্রকাশ করতে পছন্দ করে। কিন্তু দেশের প্রকৃত অবস্থা রাষ্ট্র পরিচালনার চলমান কার্যক্রমেই স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে।’
তিনি জানান, রোববারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা বৈঠকে সভাপতিত্ব করেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। সেখানে তিনি জনগণের সেবা, জাতীয় ঐক্য বজায় রাখা এবং রাষ্ট্রীয় কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
সরকারি মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, প্রেসিডেন্ট বৈঠকে বলেন, ‘জনগণ আমাদের ওপর যে দায়িত্ব অর্পণ করেছে, সেখান থেকে আমরা এক পা-ও পিছিয়ে যাব না।’
এমএস/