দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দক্ষিণ লেবাননে ইসরাইলের অব্যাহত হামলা ও যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটি জানিয়েছে, তারা ইসরাইলের একটি ‘আয়রন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার লঞ্চার ধ্বংস করেছে।
সোমবার (১ জুন) হিজবুল্লাহর মিডিয়া ব্যুরো প্রকাশিত এক ভিডিওতে এ হামলার দৃশ্য দেখানো হয়েছে। ভিডিওতে দেখা যায়, অধিকৃত ফিলিস্তিনের উত্তরাঞ্চলে অবস্থিত বিরানিত সামরিক ঘাঁটিতে মোতায়েন থাকা একটি ইসরাইলি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়।
হিজবুল্লাহর দাবি, বিস্ফোরকবোঝাই একটি ড্রোন ব্যবহার করে হামলাটি চালানো হয়েছে। ভিডিওতে ড্রোনটিকে লক্ষ্যবস্তু শনাক্ত করার পর সরাসরি ‘আয়রন ডোম’ লঞ্চারে আঘাত হানতে দেখা যায়। গোষ্ঠীটির দাবি, এতে লঞ্চারটি সম্পূর্ণ ধ্বংস হয়েছে।
লেবাননের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে জানা গেছে, সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় মোতায়েন ইসরাইলি ‘আয়রন ডোম’ ব্যবস্থার ওপর হামলার মাত্রা বাড়িয়েছে হিজবুল্লাহ। তাদের দাবি, এর ফলে ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্ষমতা দুর্বল হচ্ছে।
হিজবুল্লাহ জানিয়েছে, দক্ষিণ লেবানন ও উত্তর ইসরাইল সীমান্তজুড়ে চলমান অভিযানের অংশ হিসেবে তারা ইসরাইলি সামরিক যান, সেনা সমাবেশ, সামরিক অবকাঠামো ও রাডার স্থাপনাকে লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে।
গোষ্ঠীটির এক বিবৃতিতে আরও বলা হয়েছে, দক্ষিণ লেবাননের দেবাল এলাকায় ইসরাইলি সেনাবাহিনীর দুটি সাঁজোয়া যানকে লক্ষ্য করে ‘আবাবিল’ কামিকাজে ড্রোন হামলা চালানো হয়েছে। তাদের দাবি, ওই হামলায় যান দুটি সম্পূর্ণ ধ্বংস হয়েছে।
তবে হিজবুল্লাহর এসব দাবির বিষয়ে ইসরাইলি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।