দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাশিয়ার কাছ থেকে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ সামরিক সহায়তা পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। বিবিসিকে একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তালেবান সরকারের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে জানা গেছে।
সূত্র জানায়, প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ নিয়ে মস্কোর সঙ্গে তালেবানের আগেই আলোচনা হয়েছিল। প্রতিরক্ষামন্ত্রীর সাম্প্রতিক সফরে রাশিয়ার পূর্ব প্রতিশ্রুতি বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হয়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মস্কো সফরকালে দুই পক্ষের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এতে আকাশ প্রতিরক্ষা সরঞ্জামের পাশাপাশি স্থল সামরিক সরঞ্জাম সরবরাহ এবং তালেবান সরকারের সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে।
গত মঙ্গলবার আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে অংশ নিতে মস্কো সফরে যান মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ। চুক্তি স্বাক্ষরের সময় তালেবান সরকারের পক্ষে তিনি এবং রুশ সরকারের পক্ষে দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সের্গেই শোইগু উপস্থিত ছিলেন।
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকেই কাবুলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছে রাশিয়া। বিভিন্ন সময়ে আফগান প্রতিনিধিদল নিয়মিত মস্কো সফর করেছে।
কাবুলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, এই চুক্তির মাধ্যমে প্রতিরক্ষা খাতে তালেবান সরকার ও রাশিয়ার সহযোগিতা আরও প্রাতিষ্ঠানিক রূপ পেল।
সের্গেই শোইগুর সঙ্গে বৈঠকে মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ বলেন, ‘রাশিয়া এই অঞ্চল এবং বিশ্বের একটি গুরুত্বপূর্ণ দেশ। রাশিয়ান ফেডারেশনের সঙ্গে সম্পর্ক আমাদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। আমরা আশা করি, এই সম্পর্ক আরও বিস্তৃত ও শক্তিশালী হবে।’
২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের পর যেসব দেশ কাবুলে নিজেদের দূতাবাস চালু রেখেছিল, রাশিয়া তাদের অন্যতম। ২০২২ সালে তালেবান সরকারের সঙ্গে প্রথম আন্তর্জাতিক অর্থনৈতিক চুক্তিও করে মস্কো। ওই চুক্তির আওতায় আফগানিস্তানে তেল, গ্যাস ও গম সরবরাহ করছে রাশিয়া।
এমএস/