দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কে হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় তাকে তেল আবিবের একটি হাসপাতালে ভর্তি করা হয়।
হিব্রু গণমাধ্যমে নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়ার খবর প্রকাশের পর প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানায়, মূলত দাঁতের চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল।
৭৬ বছর বয়সী এই প্রধানমন্ত্রীর স্বাস্থ্যগত বিষয় সাম্প্রতিক সময়ে ইসরাইলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কয়েকটি ঘটনায় তার স্বাস্থ্যসংক্রান্ত তথ্য গোপন রাখার অভিযোগ ওঠায় সমালোচনার মুখেও পড়েছেন তিনি।
গত মাসে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু জানান, তিনি সম্প্রতি প্রোস্টেটের ম্যালিগন্যান্ট টিউমারের সফল অস্ত্রোপচার করিয়েছেন। তবে কবে রোগ শনাক্ত হয়, চিকিৎসা শুরু বা শেষ হয়েছে—এসব বিষয়ে নির্দিষ্ট তথ্য দেননি তিনি।
নেতানিয়াহুর প্রকাশিত স্বাস্থ্য প্রতিবেদনে বিস্তারিত তথ্যের অভাব নিয়েও প্রশ্ন উঠেছে। প্রতিবেদনে হাসপাতালের লোগো বা আনুষ্ঠানিক চিকিৎসা বিবৃতিও ছিল না বলে জানা গেছে।
এর আগে ২০২৩ সালের জুলাইয়ে নেতানিয়াহুর শরীরে পেসমেকার বসানো হয়। এছাড়া ২০২৪ সালের মার্চে তার হার্নিয়ার অস্ত্রোপচার এবং একই বছরের ডিসেম্বরে প্রোস্টেট অপসারণের অস্ত্রোপচার করা হয়।
পেসমেকার বসানোর সময় প্রথমে তার কার্যালয় জানিয়েছিল, পানিশূন্যতা পর্যবেক্ষণের জন্য তাকে হাসপাতালে রাখা হয়েছিল। পরে হাসপাতাল সূত্র জানায়, তার শরীরে সাবকিউটেনিয়াস হার্ট মনিটর বসানো হয়েছিল। এ ঘটনায়ও তার প্রকৃত শারীরিক অবস্থা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়।
এমএস/