দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেপালের দিক দিয়ে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে একদিনে রেকর্ডসংখ্যক ২৭৪ জন আরোহী সফলভাবে চূড়ায় পৌঁছেছেন। বুধবার স্থানীয় সময় ভোর থেকে শুরু হওয়া এ আরোহন চলে টানা ১১ ঘণ্টা।
নেপালের পর্যটন বিভাগের কর্মকর্তা খিমলাল গৌতম জানান, অনুকূল আবহাওয়ার সুযোগ কাজে লাগিয়ে আরোহীরা বুধবার ভোর ৩টা থেকে চূড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এর মধ্য দিয়ে এভারেস্ট আরোহনে আগের সব রেকর্ড ভেঙে যায়।
এর আগে ২০১৯ সালের ২২ মে নেপালের দক্ষিণ দিক দিয়ে একদিনে সর্বোচ্চ ২২৩ জন আরোহী এভারেস্ট জয় করেছিলেন। একই দিনে তিব্বত অংশ দিয়ে আরও ১১৩ জন চূড়ায় পৌঁছান। তবে এবার চীন বিদেশি আরোহীদের জন্য তিব্বত রুট বন্ধ রেখেছে।
এ বছর এভারেস্ট আরোহনের জন্য প্রায় ৫০০ বিদেশি পর্বতারোহীকে অনুমতি দিয়েছে নেপাল, যা এ যাবৎকালের সর্বোচ্চ। অধিকাংশ আরোহীর সঙ্গেই অন্তত একজন নেপালি গাইড থাকেন, যাদের জন্য আলাদা অনুমতির প্রয়োজন হয় না।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, তুষারঢাকা ঢালে দীর্ঘ সারিতে এগিয়ে যাচ্ছেন পর্বতারোহীরা। বিশেষ করে সমুদ্রপৃষ্ঠ থেকে ৮ হাজার মিটারের ওপরে থাকা ‘ডেথ জোনে’ ছিল ভয়াবহ ভিড়।
এই উচ্চতায় বেশিরভাগ আরোহীকেই অতিরিক্ত অক্সিজেন ব্যবহার করতে হয়। পর্বতারোহণ বিশেষজ্ঞদের মতে, এমন পরিস্থিতিতে ২০ ঘণ্টার বেশি সময় থাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
গত সেপ্টেম্বর থেকে এভারেস্ট আরোহনের অনুমতি ফি ১১ হাজার ডলার থেকে বাড়িয়ে ১৫ হাজার ডলার করা হলেও বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ ঘিরে আগ্রহ কমেনি।
অভিযান আয়োজকরা ভিড়ের ঝুঁকি স্বীকার করলেও সেটি নিয়ন্ত্রণযোগ্য বলে মনে করছেন। অস্ট্রিয়াভিত্তিক ফুরটেনবাখ অ্যাডভেঞ্চার্সের লুকাস ফুরটেনবাখ বলেন, ‘দলগুলোর কাছে পর্যাপ্ত অক্সিজেন থাকলে এটি বড় সমস্যা নয়।’
তিনি আরও বলেন, ‘আল্পসের কিছু পর্বতে প্রতিদিন হাজারো মানুষ ওঠেন। সেই হিসেবে ২৭৪ জন খুব বেশি নয়, বিশেষ করে এভারেস্ট অনেক বড় পর্বত।’
এবারের মৌসুমে বেশ কয়েকজন অভিজ্ঞ ও নতুন আরোহীও গড়েছেন নতুন রেকর্ড। গত রোববার নেপালি গাইড কামি রিতা শেরপা ৩২তমবারের মতো এভারেস্ট জয় করে নিজেরই বিশ্বরেকর্ড ভেঙেছেন।
একই দিনে ‘মাউন্টেন কুইন’ নামে পরিচিত ৫২ বছর বয়সী লাখপা শেরপা ১১তমবার এভারেস্ট জয় করে নারী আরোহীদের মধ্যে নিজের রেকর্ড আরও উঁচুতে নিয়ে যান।
এ ছাড়া দুই পা হারানো রাশিয়ান আরোহী রুস্তাম নাবিয়েভ কোনো কৃত্রিম পা ব্যবহার ছাড়াই বৃহস্পতিবার এভারেস্টের চূড়ায় পৌঁছে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন।
তবে এবারের আরোহন মৌসুমে কয়েকজনের মৃত্যুর ঘটনাও ঘটেছে। নিহতদের মধ্যে রয়েছেন নেপালের সুবিধাবঞ্চিত দলিত সম্প্রদায়ের প্রথম এভারেস্টজয়ী পর্বতারোহী বিজয় ঘিমিরে। উচ্চতাজনিত অসুস্থতায় তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
এ ছাড়া সোমবার ক্যাম্প-৩ এর কাছে তুষারে পিছলে খাদে পড়ে মারা যান ২১ বছর বয়সী ফুরা গ্যালজেন শেরপা। আর ৩ মে বেস ক্যাম্পে যাওয়ার পথে প্রাণ হারান ৫১ বছর বয়সী গাইড লাখপা ডেন্ডি শেরপা।
সূত্র: বিবিসি
এমএস/