দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বৈঠকে আঞ্চলিক কূটনীতি ও যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ এগিয়ে নেওয়ার প্রচেষ্টাকে গুরুত্ব দেওয়া হয়।
সৌদি আরবের জেদ্দায় বুধবার এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এই বৈঠকে পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকার বিষয়টি বিশেষভাবে উঠে আসে। ইসলামাবাদে আয়োজিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা নিয়ে সাম্প্রতিক অগ্রগতি পর্যালোচনা করেন দুই নেতা এবং আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ধারাবাহিক কূটনৈতিক সম্পৃক্ততার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও বিস্তারিত আলোচনা হয়। বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর উপায় খোঁজা হয় এবং পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে শাহবাজ শরিফের উদ্যোগের প্রশংসা করেন সৌদি যুবরাজ। একই সঙ্গে সৌদি-পাকিস্তান কৌশলগত অংশীদারিত্ব জোরদারে তার ভূমিকারও স্বীকৃতি দেন তিনি।
যুবরাজ মোহাম্মদ বিন সালমান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের কূটনৈতিক প্রচেষ্টারও প্রশংসা করেন।
সৌদি প্রেস এজেন্সির প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বৈঠকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার উপস্থিত ছিলেন। এছাড়া সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুসাআদ আল-আইবান এবং পাকিস্তানের জ্যেষ্ঠ কর্মকর্তারাও অংশ নেন।
চার দিনের কূটনৈতিক সফরের অংশ হিসেবে বুধবারই জেদ্দায় পৌঁছান শাহবাজ শরিফ। সফরের পরবর্তী গন্তব্য কাতার ও তুরস্ক। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১৫ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত এই সফর অনুষ্ঠিত হচ্ছে।
তুরস্ক সফরে তিনি আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামে অংশ নেবেন এবং সেখানে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানসহ অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
গত সপ্তাহান্তে ইসলামাবাদে কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো মুখোমুখি বৈঠকে বসে যুক্তরাষ্ট্র ও ইরান। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর শুরু হওয়া যুদ্ধ বন্ধে মধ্যস্থতার অংশ হিসেবে এই আলোচনা অনুষ্ঠিত হয়।
যদিও ওই বৈঠকে কোনো অগ্রগতি হয়নি, তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চলতি সপ্তাহেই ইসলামাবাদে আবারও আলোচনা শুরু হতে পারে।
বর্তমানে একটি নাজুক যুদ্ধবিরতি বলবৎ রয়েছে, যা আগামী সপ্তাহ পর্যন্ত কার্যকর থাকার কথা। এর মধ্যেই যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ জারি করেছে।
এদিকে পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ জোরদার করতে সৌদি আরব পাকিস্তানকে ৩ বিলিয়ন ডলার সহায়তা দেবে। পাশাপাশি বিদ্যমান ৫ বিলিয়ন ডলারের সৌদি আমানতের মেয়াদও অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়েছে।
/অ