দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠালে কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) নৌবাহিনী।
শনিবার (১১ এপ্রিল) এক বিবৃতিতে তারা জানায়, বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই জলপথে দেশটি ‘সম্পূর্ণ ও কার্যকর নিয়ন্ত্রণ’ বজায় রেখেছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুদ্ধবিরতির মধ্যে দুটি মার্কিন ডেস্ট্রয়ার হরমুজ প্রণালি পার হয়েছে। তবে আইআরজিসি এই দাবি নাকচ করে দিয়েছে।
ইরানি নৌবাহিনী জানায়, এমন কোনো ঘটনার সত্যতা নেই এবং এ ধরনের যেকোনো পদক্ষেপের ‘দৃঢ় ও শক্তিশালী জবাব’ দেওয়া হবে।
এর আগে শুক্রবার (১০ এপ্রিল) ইরানের সর্বোচ্চ সামরিক অপারেশনাল কমান্ড খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর জানায়, সাম্প্রতিক পরিস্থিতির পর হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নতুন পর্যায়ে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবাই বলেন, এই জলপথে চলাচলের জন্য জাহাজগুলোর কাছ থেকে টোল আদায় করা হতে পারে এবং তা ইরানি মুদ্রায় পরিশোধ করতে হবে।
তবে ট্রাম্প সতর্ক করে বলেছেন, হরমুজে টোল আদায় কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, টোল প্রদান করা কোনো জাহাজ থাকলে সেটিকে আন্তর্জাতিক জলসীমায় শনাক্ত করে আটকের নির্দেশ দেওয়া হবে।
একই সঙ্গে তিনি হরমুজ প্রণালিতে নৌ-অবরোধ আরোপের কথাও বলেন এবং যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে ওই অঞ্চলে যেকোনো জাহাজের প্রবেশ ও প্রস্থান ঠেকানোর নির্দেশ দেন।
এমএস/