দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত হয়েছেন—এমন গুঞ্জন ছড়িয়ে পড়ার মধ্যে নতুন বার্তা দিয়েছে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়।
মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, চলমান অভিযানের বিষয়ে দেওয়া এক বার্তায় নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলের সেনাবাহিনীর মূল লক্ষ্য হলো ইরানের শাসনব্যবস্থাকে ভেঙে দেওয়া।
তিনি বলেন, ইসরায়েলের লক্ষ্য ইরানি জনগণকে বর্তমান সরকারের অত্যাচার থেকে মুক্ত করা। তবে শেষ পর্যন্ত বিষয়টি ইরানের জনগণের ওপরই নির্ভর করছে বলেও উল্লেখ করেন তিনি।
নেতানিয়াহু আরও বলেন, ‘এখন পর্যন্ত নেওয়া পদক্ষেপের মাধ্যমে আমরা তাদের মূল শক্তি ভেঙে দিয়েছি। আমাদের অভিযান এখনও অব্যাহত রয়েছে।’
এদিকে গুঞ্জনের মধ্যেই নেতানিয়াহুর নতুন একটি ছবি প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল। মঙ্গলবার প্রকাশিত ওই ছবিটি সোমবারের বলে দাবি করা হয়েছে।
এর আগে ইরানের তাসনিম নিউজ এজেন্সির হিব্রু সংস্করণে প্রকাশিত এক প্রতিবেদনে নেতানিয়াহুকে ঘিরে ছড়িয়ে পড়া গুঞ্জনের কয়েকটি কারণ তুলে ধরা হয়। সেখানে বলা হয়, নেতানিয়াহুর ব্যক্তিগত চ্যানেলে সর্বশেষ ভিডিও প্রকাশিত হয়েছে প্রায় তিন দিন আগে। এরপর থেকে তাঁর নামে যেসব বার্তা প্রকাশিত হয়েছে, সেগুলো কেবল লিখিত আকারে এসেছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গত কয়েক দিনে নেতানিয়াহুর বাসভবনের চারপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফের নির্ধারিত ইসরায়েল সফরও হঠাৎ বাতিল করা হয়েছে।
এসব ঘটনার পর হিব্রু ভাষার বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নেতানিয়াহুর শারীরিক অবস্থা নিয়ে আলোচনা শুরু হয়। তবে এ বিষয়ে ইসরায়েল সরকার বা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে গুঞ্জনটি নিশ্চিত বা খণ্ডন করা হয়নি।
এমএস/