দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের মাটিতে কোনও বিদেশি স্থলবাহিনী প্রবেশ করলে তাদের ধ্বংস করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের সাহসী সেনারা যেকোনো শত্রুকে মোকাবিলা করতে প্রস্তুত।
আব্বাস আরাগচি বলেন, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় ইরান যথেষ্ট সক্ষম। তিনি জোর দিয়ে বলেন, আমাদের অত্যন্ত সাহসী সেনারা শত্রুর অপেক্ষায় আছে। যারা ইরানের মাটিতে পা রাখবে, তাদের ধ্বংস করে দেওয়া হবে।
হাজার বছরের পুরোনো পারস্য সভ্যতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ইরান সব সময় নিজের ভূমি রক্ষা করেছে এবং ভবিষ্যতেও করবে।
মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলাকে আত্মরক্ষার বৈধ পদক্ষেপ বলেও দাবি করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে যুদ্ধ শুরু করেছে তার প্রতিক্রিয়াতেই তেহরান পাল্টা হামলা চালাচ্ছে।
আরাগচি বলেন, ‘এটি আমাদের পছন্দের যুদ্ধ নয়। এই যুদ্ধ আমাদের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল চাপিয়ে দিয়েছে।’
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সংঘাতটিকে ‘উসকানিবিহীন, অযৌক্তিক ও অবৈধ’ বলেও বর্ণনা করেন।
তিনি আরও বলেন, ইরানের পাল্টা সামরিক পদক্ষেপগুলো মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি, স্থাপনা ও সামরিক সম্পদের বিরুদ্ধে পরিচালিত হচ্ছে। এসব ঘাঁটি যদি প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ডেও থাকে, তবুও সেগুলো লক্ষ্যবস্তু হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।
এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এই বক্তব্য নতুন করে আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা বাড়িয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সূত্র: আল-জাজিরা
জে আই