দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার আগে ওই এলাকা থেকে কয়েক লাখ বাসিন্দাকে সরে যেতে নির্দেশ দেওয়ায় শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
ইসরয়য়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা লেবাননজুড়ে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে। ইরান সমর্থিত সশস্ত্র সংগঠনটির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বৈরুতের দক্ষিণাঞ্চলকে লক্ষ্য করেই সর্বশেষ এই হামলা চালানো হয়েছে।
ইসইয়েলি প্রতিরক্ষা বাহিনীর এক মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, ‘বৈরুতের দক্ষিণ উপশহরে হিজবুল্লাহর সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে ধারাবাহিক বিমান হামলা শুরু করেছে প্রতিরক্ষা বাহিনী।’
সরিয়ে নেওয়ার নির্দেশ জারির পর আতঙ্কিত মানুষ দ্রুত এলাকা ছাড়তে শুরু করলে উত্তর ও দক্ষিণমুখী প্রধান সড়কগুলোতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার থেকে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এরই মধ্যে অন্তত ১২০ জন নিহত এবং প্রায় ৭০০ জন আহত হয়েছেন। প্রায় ৯০ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
ইসরায়েলি বাহিনী বুধবার সীমান্তঘেঁষা দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ এলাকা থেকেও বাসিন্দাদের সরে যেতে নির্দেশ দেয়। সম্ভাব্য স্থল অভিযান শুরুর আগে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে হিজবুল্লাহও লেবানন সীমান্তের পাঁচ কিলোমিটার এলাকার মধ্যে বসবাসকারী ইসরাইলি নাগরিকদের ঘরবাড়ি ছেড়ে যেতে সতর্ক করেছে।
বৃহস্পতিবার বিকেলে বৈরুতের দক্ষিণাঞ্চল ছাড়তে গিয়ে যানজটে আটকে পড়েন অনেক বাসিন্দা। তাদের একজন মোহাম্মদ আল-খাওজাম বলেন, ‘আমরা বির হাসান এলাকা থেকে বের হয়ে যাচ্ছি। ইসরাইলি বাহিনী সতর্কবার্তা দিয়েছে বলেই আমরা এলাকা ছাড়ছি।’
সিরিয়া থেকে আসা এই বাসিন্দা স্ত্রী ও সন্তানদের নিয়ে উত্তর দিকে যাচ্ছিলেন। গাড়ির জানালা দিয়ে তিনি বলেন, ‘আল্লাহ সবাইকে সাহায্য করুন, সব লেবাননবাসীকে রক্ষা করুন।’
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানীর বিমানবন্দরের প্রধান সড়কে যানবাহনে চালানো এক হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন।
এদিকে ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, রাতভর দক্ষিণ লেবাননে অভিযান চালিয়ে ‘হিজবুল্লাহর কয়েকজন সদস্যকে’ হত্যা করা হয়েছে।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ লেবাননের পরিস্থিতিকে ‘চরম ঝুঁকিপূর্ণ মুহূর্ত’ উল্লেখ করে দ্রুত সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন।
এক বার্তায় তিনি বলেন, লেবাননকে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়ে পড়া থেকে রক্ষা করতে সব পক্ষকে সংযত থাকতে হবে। একই সঙ্গে বাস্তুচ্যুত হাজারো মানুষের জন্য জরুরি মানবিক সহায়তা পাঠানোর কথাও জানিয়েছেন তিনি।
সূত্র: বিবিসি
এমএস/