দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, পারস্য উপসাগরের অপর পারের দেশগুলোর সঙ্গে তেহরানের কোনো সমস্যা নেই এবং তাদের সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে ইরান দৃঢ়প্রতিজ্ঞ।
রোববার সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। এ সময় আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার পরবর্তী পরিস্থিতি এবং নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া নিয়েও কথা বলেন তিনি।
আরাঘচি বলেন, ‘আমরা শুধু আত্মরক্ষার জন্য কাজ করছি। আমেরিকান আগ্রাসনের প্রতিশোধ নেওয়াই আমাদের একমাত্র লক্ষ্য। আমরা আমাদের ভাইদের আক্রমণ করছি না, প্রতিবেশীদের ওপর হামলা করছি না। কিন্তু আমরা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছি।’
তিনি বলেন, আয়াতুল্লাহ খামেনি কেবল ইরানের রাজনৈতিক নেতা ছিলেন না, বরং এই অঞ্চলের লাখ লাখ মুসলমানের জন্য একজন উচ্চপদস্থ ধর্মীয় নেতা ছিলেন।
খামেনির হত্যার পর নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে আরাঘচি জানান, সংবিধান অনুযায়ী একটি নির্ধারিত পদ্ধতি রয়েছে এবং সেই প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। তিনি বলেন, ‘আজ ট্রানজিশন কাউন্সিল প্রতিষ্ঠিত হয়েছে। এই কাউন্সিল প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন আইনবিদকে নিয়ে গঠিত হয়েছে।’
তিনি জানান, তিন সদস্যের এই পরিষদ নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত নেতৃত্বের দায়িত্ব পালন করবে। এরপর বিশেষজ্ঞ পরিষদ নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু করবে। তার ধারণা, ‘এক বা দুই দিনের মধ্যেই’ নতুন নেতা নির্বাচিত হতে পারেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের সবকিছু সংবিধান ও আইনি কাঠামোর মধ্যেই পরিচালিত হচ্ছে। সর্বোচ্চ নেতার হত্যাকাণ্ডকে তিনি ‘একটি অত্যন্ত গুরুতর এবং অভূতপূর্ব কাজ’ উল্লেখ করে বলেন, এটি আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।
এই যুদ্ধ শত্রুপক্ষের জন্য কোনো ভালো ফল বয়ে আনবে না বলেও মন্তব্য করেন আরাঘচি। তিনি বলেন, ‘এই যুদ্ধে কোনো জয় নেই। তারা তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না। যতক্ষণ তারা চালিয়ে যাবে, ততক্ষণ কিছুই অর্জন করতে পারবে না।’
গত বছরের ১২ দিনব্যাপী যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এবারের পরিস্থিতির সঙ্গে আগের ঘটনার খুব বেশি পার্থক্য তিনি দেখছেন না। ‘যতক্ষণ সময় লাগে আমরা প্রতিরোধ করব এবং তারা ফলাফল দেখতে পাবে,’ বলেন তিনি।
এমএস/