দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতিসংঘের ওপর আস্থা ও বিশ্বাসযোগ্যতা হারিয়ে গেছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে মঙ্গলবার নিউইয়র্কে পৌঁছে নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন।
আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো ‘কাপুরুষোচিত যুদ্ধ’ এবং পরবর্তী ঘটনাপ্রবাহের মধ্যে এবারের সফর হচ্ছে। বাস্তবে পরিস্থিতি এখনো যুদ্ধাবস্থার মতোই রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘স্বাভাবিকভাবেই, আমাদের প্রধান লক্ষ্য হলো একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মঞ্চকে ব্যবহার করে ইরানি জনগণের বৈধতা, অধিকার ও স্বার্থ রক্ষা করা।’
জাতিসংঘ বিশ্বশান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় সংস্থাটির বিশ্বাসযোগ্যতা ও আস্থা নষ্ট হয়েছে বলে অভিযোগ করেন আরাঘচি। মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ‘আস্থা পুনরুদ্ধার’ প্রতিপাদ্য নিয়ে শুরু হওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
আরাঘচি বলেন, এর মধ্য দিয়ে সর্বজনীনভাবে স্বীকার করা হচ্ছে যে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা কার্যকরভাবে বজায় রাখতে ব্যর্থ হওয়ায় জাতিসংঘের ওপর মানুষের আস্থা ক্ষয় হয়েছে বা পুরোপুরি হারিয়ে গেছে।
তিনি আরও বলেন, কিছু দেশ নিজেদের এমনভাবে পরিচালনা করছে যেন তারা দায়মুক্তভাবে যেকোনো পদক্ষেপ নেওয়ার অধিকার রাখে। তারা আন্তর্জাতিক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক আইন এবং মানবজাতির সম্মিলিত বিবেককেও উপেক্ষা করছে। একই সঙ্গে নিজেদের ও মিত্রদের জন্য দায়মুক্তি দাবি করছে এসব দেশ।
আরাঘচির অভিযোগ, এর ফলে ‘ইসরায়েলকে’ যেকোনো কর্মকাণ্ড চালানোর সুযোগ দেওয়া হচ্ছে। অথচ নিজেদের মানবাধিকার ও মানবিক আইনের প্রবক্তা হিসেবে তুলে ধরা পশ্চিমা ও ইউরোপীয় দেশগুলো নীরব রয়েছে।
সূত্র: আল-জাজিরা
/অ