দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানতে চেয়েছেন, মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের সামরিক উপস্থিতি বাড়ানোর পরও ইরান কেন এখনো ‘আত্মসমর্পণ’ করেনি। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এ তথ্য জানিয়েছেন।
শনিবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে উইটকফ বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতা না হলে সীমিত সামরিক হামলার সতর্কবার্তা দেওয়ার পর ট্রাম্প ইরানের অবস্থান নিয়ে ‘কৌতূহলী’। তিনি বলেন, ‘আমি ‘হতাশ’ শব্দটি ব্যবহার করতে চাই না... কারণ তার হাতে অনেক বিকল্প রয়েছে, তবে তিনি জানতে চান কেন তারা এখনো আত্মসমর্পণ করেনি।’
উইটকফ আরও বলেন, ‘এত চাপ, আমাদের নৌ ও সামরিক শক্তির উপস্থিতি সত্ত্বেও তারা কেন এসে বলছে না যে তারা অস্ত্র চায় না এবং কী করতে প্রস্তুত—এটা বোঝা কঠিন।’
উইটকফের এসব মন্তব্যের বিষয়ে ইরান এখনো প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
গত মঙ্গলবার সুইজারল্যান্ডে মার্কিন ও ইরানি কর্মকর্তারা পরোক্ষ বৈঠক করেন। বৈঠকে অগ্রগতি হয়েছে বলে জানানো হয়। তবে দুই দিন পর ট্রাম্প বলেন, আগামী ‘১০ দিনের মধ্যে’ জানা যাবে ইরানের সঙ্গে চুক্তি হবে নাকি যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের আশপাশে সামরিক উপস্থিতি জোরদার করেছে যুক্তরাষ্ট্র। মোতায়েন করা হয়েছে বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। পাশাপাশি ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরী, ডেস্ট্রয়ার, যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমানও পাঠানো হয়েছে।
এদিকে ইরানের অভ্যন্তরে নতুন করে সরকারবিরোধী বিক্ষোভ দেখা গেছে। শনিবার তেহরানের শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজির ক্যাম্পাসে বিক্ষোভকারীদের মিছিল করতে দেখা যায়। পরে সেখানে সরকার সমর্থকদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। তেহরানসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা গত মাসে নিহতদের স্মরণে সমাবেশ করেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সি জানিয়েছে, জানুয়ারির দমন অভিযানে অন্তত ৭ হাজার ১৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৬ হাজার ৫০৮ জন বিক্ষোভকারী, ২২৬ জন শিশু এবং ২১৪ জন সরকার-সম্পর্কিত ব্যক্তি রয়েছেন। ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এ তথ্য হালনাগাদ করা হয়েছে। আরও ১১ হাজার ৭৪৪টি মৃত্যুর খবর তদন্তাধীন বলে জানিয়েছে সংস্থাটি।
অন্যদিকে ইরানের কর্তৃপক্ষ জানিয়েছে, সহিংসতায় ৩ হাজার ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য বা ‘দাঙ্গাবাজদের’ হামলার শিকার সাধারণ মানুষ।
সূত্র: বিবিসি
এমএস/