দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাকিস্তানের বেলুচিস্তানে বিদ্রোহী গোষ্ঠী ‘বেলুচ লিবারেশন আর্মি’র সমন্বয়ে ৫ জেলায় হামলার জবাবে অভিযান চালাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনী। আজকের অভিযানে বিদ্রোহী গোষ্ঠীগুলোর অন্তত ৬৭ জন নিহত হয়েছে।
এছাড়া হামলার আগে গত দুইদিনে দুটি জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪১ জন বিদ্রোহী নিহত হয়। এ নিয়ে কয়েকদিনে পুরো প্রদেশজুড়ে বিদ্রোহী গোষ্ঠীগুলোর মোট ১০৮ জন সদস্য নিহত হয়েছে। আরও অভিযান চলমান রয়েছে।
স্থানীয় সময় শনিবার (৩১ জানুয়ারি) পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের বরাতে ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এর আগে শনিবার রাত ৩টার দিকে প্রাদেশিক রাজধানী কোয়েটার বেশ কয়েকটি পুলিশ স্টেশনে স্থানীয় জাতিগত বেলুচিস্তানের বিদ্রোহী গোষ্ঠীগুলো সমন্বিতভাবে একযোগে হামলা চালায়।
নিরাপত্তা সূত্র জানায়, ফিতনা-আল-হিন্দুস্তান বেলুচিস্তান ১২টি স্থানে হামলা চালানোর চেষ্টা করেছিল। তবে সময়োচিত ও কার্যকর পদক্ষেপের ফলে সব হামলাই ব্যর্থ করে দেওয়া হয়।
উল্লেখ্য, পাকিস্তান সরকার বেলুচিস্তানভিত্তিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে ‘ফিতনা-আল-হিন্দুস্তান’ হিসেবে আখ্যায়িত করেছে। এছাড়া পাকিস্তানে সন্ত্রাসবাদ ও অস্থিতিশীলতায় ভারতের ভূমিকাকে দাবি করছে দেশটি।
নিরাপত্তা সূত্রের বরাতে রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভি নিউজ এক্স (সাবেক টুইটার)-এ জানায়, সকাল থেকে চলমান ফিতনা-আল-হিন্দুস্তানের বিরুদ্ধে অভিযানে গোষ্ঠীটির নিহত সদস্যের সংখ্যা ৬৭ জনে দাঁড়িয়েছে।
সূত্রগুলো আরও জানায়, গত দুই দিনে পাঞ্জগুর ও হারনাই জেলার শাবান এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪১ জন নিহত হয়েছে। এ নিয়ে পুরো প্রদেশজুড়ে মোট ১০৮ জন নিহত হয়েছে।
নিরাপত্তা সূত্র জানায়, ‘বর্বরতার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে’ ১০ জন পুলিশ ও নিরাপত্তা সদস্য শহীদ হয়েছেন।
এদিকে, পিটিভি নিউজ নিরাপত্তা সূত্রের বরাতে জানায়, ‘ভারতের মদদপুষ্ট সন্ত্রাসীরা’ গদরে ১১ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে।
নিহতদের মধ্যে ছিলেন পাঁচজন পুরুষ, তিনজন নারী ও তিনজন শিশু। নিরাপত্তা সূত্র জানায়, এই ঘটনায় জড়িত সব সন্ত্রাসীকেই হত্যা করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, পার্শ্ববর্তী এলাকাগুলোতে গোষ্ঠীগুলোর সম্ভাব্য আস্তানায় অভিযান অব্যাহত রয়েছে।
ডনের একজন প্রতিবেদক জানান, হামলার পর কুয়েটা, সিবি ও চামান অঞ্চলে মোবাইল ফোন সেবা চালু থাকলেও ইন্টারনেট ডাটা সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
এবি/