দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নেওয়ার কয়েক মাস আগে থেকেই ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলোর যোগাযোগ ছিল।
শনিবার (১৭ জানুয়ারি) সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সংশ্লিষ্ট চারটি সূত্রের বরাতে রয়টার্স জানায়, ওই সময় মার্কিন কর্মকর্তারা কাবেলোকে সতর্ক করেছিলেন যেন তিনি বিরোধীদের দমনে তার অধীনস্থ নিরাপত্তা বাহিনী কিংবা শাসক দলের সশস্ত্র সমর্থকদের ব্যবহার না করেন। তাদের আশঙ্কা ছিল, এসব বাহিনী সক্রিয় হলে দেশজুড়ে বড় ধরনের সহিংসতা ও অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে।
সূত্রগুলো আরও জানায়, ৩ জানুয়ারির মার্কিন অভিযানের পরও ভেনেজুয়েলার গোয়েন্দা সংস্থা, পুলিশ ও সশস্ত্র বাহিনীসহ নিরাপত্তা কাঠামো মূলত অক্ষত রয়েছে, যা কাবেলোর প্রভাব বজায় থাকার ইঙ্গিত দেয়।
মাদুরোকে ক্ষমতাচ্যুত করতে যুক্তরাষ্ট্র যে মাদক পাচারের অভিযোগ ব্যবহার করেছিল, একই অভিযোগে কাবেলোর নামও রয়েছে এবং তার ওপর মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর আছে। তবে অভিযানের সময় তাকে আটক বা অপসারণ করা হয়নি। দুইটি সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের সময় এসব নিষেধাজ্ঞা ও অভিযোগ নিয়েও আলোচনা হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসনের শুরুর দিক থেকেই এই যোগাযোগ চলছিল এবং মাদুরোর পতনের ঠিক আগের সপ্তাহগুলোতেও তা অব্যাহত ছিল। এমনকি মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পরও কাবেলোর সঙ্গে যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র।
সূত্রগুলোর মতে, ভেনেজুয়েলার অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখতে এই যোগাযোগ ট্রাম্প প্রশাসনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কাবেলো যদি তার নিয়ন্ত্রিত বাহিনী ব্যবহার করতেন, তাহলে তা দেশকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিতে পারত এবং অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের ক্ষমতা টিকিয়ে রাখাও কঠিন হয়ে যেত।
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ভবিষ্যৎ শাসনব্যবস্থা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না, তা স্পষ্ট নয়। কাবেলো প্রকাশ্যে ডেলসি রদ্রিগেজের প্রতি সমর্থন ও ঐক্যের কথা জানালেও, তার হাতে ভেনেজুয়েলার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণে বড় প্রভাব রয়েছে বলে মনে করা হয়।
এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে হোয়াইট হাউস ও ভেনেজুয়েলা সরকার তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
এবি/