দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানে চলমান দেশজুড়ে বিক্ষোভ ও যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপের মধ্যে এবার সরাসরি ওয়াশিংটনকে সতর্কবার্তা দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তবে এই বার্তাটি তিনি দিয়েছেন একটি ব্যতিক্রমী মাধ্যমে, নিজের রুশ ভাষার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স অ্যাকাউন্টে। বিশ্লেষকদের মতে, এতে মস্কোর সঙ্গে তেহরানের ঘনিষ্ঠ অবস্থানেরই ইঙ্গিত মিলছে।
গত ১১ জানুয়ারি রুশ ভাষায় দেওয়া এক পোস্টে খামেনি লেখেন, যুক্তরাষ্ট্র বর্তমানে ইরানকে নিয়ে ভুল হিসাব করছে। কয়েক ঘণ্টা পর আরেকটি পোস্টে তিনি বলেন, অতীতেও আমেরিকানরা এমন ভুল সিদ্ধান্তের কারণে পরাজিত হয়েছে এবং এবারও ভ্রান্ত পরিকল্পনার ফল ভোগ করতে হবে।
আন্তর্জাতিক বিশ্লেষক কসেনিয়া স্বেতলোভা বলেন, ভাষা নির্বাচনের বিষয়টি তাৎপর্যপূর্ণ, যদিও লেখার মান খুব ভালো নয়। তার মতে, রুশ ভাষায় এই বার্তা দেওয়ার মাধ্যমে ইরান স্পষ্টভাবে রাশিয়ার সঙ্গে নিজেদের অবস্থান তুলে ধরতে চেয়েছে।
এই হুঁশিয়ারির সময়ই ইরানের অভ্যন্তরীণ সংকট আরও গভীর হচ্ছে। মানবাধিকার সংগঠন এইচআরএএনএর তথ্য অনুযায়ী, চলমান বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৫৪৪ জন নিহত হয়েছেন। বিরোধী গোষ্ঠীগুলোর দাবি, প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। তবে ইন্টারনেট বন্ধ থাকায় এসব তথ্য যাচাই করা কঠিন হয়ে পড়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিহতের সংখ্যা বাড়তে থাকায় ইরান সরকারের কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেছেন, পরিস্থিতি তারা গুরুত্বের সঙ্গে দেখছেন এবং শক্ত বিকল্পও বিবেচনায় রয়েছে।
এর জবাবে ইরানি নেতারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ তুলে বলেছেন, কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হলে তা আঞ্চলিকভাবে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলার কারণ হবে।
একই সঙ্গে ইরান কূটনৈতিক যোগাযোগ পুরোপুরি বন্ধ করেনি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের সঙ্গে যোগাযোগ এখনো রয়েছে। তবে বিশ্লেষকদের মতে, খামেনির রুশ ভাষার বার্তা স্পষ্ট করে দেয়—এই সংকটময় সময়ে তেহরান তাদের সবচেয়ে নির্ভরযোগ্য কৌশলগত অংশীদার হিসেবে মস্কোকেই দেখছে।
রাশিয়া বর্তমানে ইউক্রেন যুদ্ধে ইরানের সামরিক সরঞ্জামের ওপর অনেকটাই নির্ভরশীল। ফলে ইরানের ভেতরের অস্থিরতা মস্কোর জন্যও উদ্বেগের বিষয় হয়ে উঠতে পারে। বিশ্লেষকদের মতে, এই প্রেক্ষাপটে খামেনির রুশ ভাষার সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের পাশাপাশি রাশিয়ার প্রতিও একটি কৌশলগত সংকেত।
সূত্র: ফক্স নিউজ
এমএস/