দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের নির্বাসিত বিরোধী নেতা রেজা পাহলভি দেশটির চলমান বিক্ষোভ দমনে ইন্টারনেট বন্ধ করে দেওয়ার মাধ্যমে সরকার সহিংস দমন-পীড়নের পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছেন। এই পরিস্থিতিতে বিক্ষোভকারীদের সহায়তায় হস্তক্ষেপের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় রেজা পাহলভি বলেন, ‘মিস্টার প্রেসিডেন্ট, এটি আপনার দৃষ্টি, সমর্থন ও জরুরি পদক্ষেপের জন্য একটি তাৎক্ষণিক আবেদন। গত রাতে আপনি রাস্তায় লাখো সাহসী ইরানিকে দেখেছেন, যারা গুলির মুখে দাঁড়িয়ে ছিল। আজ তারা শুধু গুলির নয়, পুরো যোগাযোগব্যবস্থা বন্ধের মুখে পড়েছে। ইন্টারনেট নেই, ল্যান্ডলাইন নেই।’
তিনি আরও দাবি করেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি শাসনব্যবস্থার পতনের আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছেন এবং এই ইন্টারনেট বন্ধকে ব্যবহার করে বিক্ষোভকারীদের হত্যা করতে চান। তার ভাষায়, ‘খামেনি রাস্তায় থাকা জনগণকে নির্মম দমন-পীড়নের হুমকি দিয়েছেন এবং এই ব্ল্যাকআউটকে তরুণ বীরদের হত্যা করার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চান।’
রেজা পাহলভি বলেন, পরিস্থিতি অত্যন্ত সংকটপূর্ণ এবং সময় খুবই গুরুত্বপূর্ণ। তিনি জানান, অল্প সময়ের মধ্যেই আবার মানুষ রাস্তায় নামবে। এ অবস্থায় তিনি ট্রাম্পের সহায়তা কামনা করে বলেন, ‘আপনি শান্তির মানুষ এবং নিজের কথায় অটল—এটা প্রমাণ করেছেন। অনুগ্রহ করে ইরানের জনগণকে সহায়তা করতে হস্তক্ষেপের জন্য প্রস্তুত থাকুন।’
রেজা পাহলভি ইরানের শেষ শাহ মোহাম্মদ রেজা পাহলভির জ্যেষ্ঠ পুত্র। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের সময় তিনি কিশোর ছিলেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।
সূত্র: সিএনএন
এমএস/