দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেষ পর্যন্ত ভেনেজুয়েলার দায়িত্বে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রয়েছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। আগামী ৩০ দিনের মধ্যে দেশটিতে কোনো নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে না বলেও জানান তিনি। ইঙ্গিত দেন যে দেশটিতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা দীর্ঘমেয়াদি হতে পারে।
স্থানীয় সময় সোমবার (৫ জানুয়ারি) এনবিসি নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। খবর বিবিসি
ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধে নেই এবং সেখানে আগামী ৩০ দিনের মধ্যে কোনো নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে না।’
তিনি বলেন, ‘আমরা যুদ্ধে আছি মাদক বিক্রেতাদের বিরুদ্ধে। আমরা যুদ্ধে আছি তাদের বিরুদ্ধে, যারা তাদের কারাগার খালি করে আমাদের দেশে পাঠায়, যারা তাদের মাদকাসক্তদের পাঠায় এবং যারা তাদের মানসিক হাসপাতালের রোগীদের আমাদের দেশে পাঠায়।’
প্রেসিডেন্ট আরও বলেন, ‘ভেনেজুয়েলায় কোনো নির্বাচন আয়োজনের আগে প্রথমে দেশটিকে ঠিক করতে হবে।’
তিনি যোগ করেন, ‘এখন নির্বাচন করা সম্ভব নয়। মানুষের পক্ষে ভোট দেওয়ার কোনো উপায় নেই। না, এতে সময় লাগবে… আমাদের দেশটিকে আবার সুস্থ করে তুলতে হবে।’
প্রায় ২০ মিনিটের এই সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হলে—শেষ পর্যন্ত ভেনেজুয়েলার দায়িত্বে কে আছেন—এর জবাবে ট্রাম্প বলেন, ‘আমি।’
এছাড়া তিনি জানান, ভেনেজুয়েলার জ্বালানি অবকাঠামো পুনর্গঠনে তেল কোম্পানিগুলোর একটি উদ্যোগে যুক্তরাষ্ট্র ভর্তুকি দিতে পারে। তার মতে, এই প্রকল্প সম্পন্ন হতে ১৮ মাসেরও কম সময় লাগতে পারে।
তিনি বলেন, ‘আমার মনে হয় আমরা এর চেয়েও কম সময়ে এটা করতে পারব, তবে এতে অনেক টাকা লাগবে। বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হবে, তেল কোম্পানিগুলো সেই অর্থ খরচ করবে, পরে আমরা তাদের ক্ষতিপূরণ দেব বা রাজস্বের মাধ্যমে তা সমন্বয় করা হবে।’
সাক্ষাৎকারে ট্রাম্প যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তার নাম উল্লেখ করেন, যারা ভেনেজুয়েলা বিষয়ে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা তদারকিতে ভূমিকা রাখবেন। এদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, হোয়াইট হাউসের উপপ্রধান স্টাফ স্টিফেন মিলার এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
তিনি বলেন, ‘এটি সবার সমন্বয়ে গঠিত একটি দল। প্রত্যেকেরই আলাদা আলাদা দক্ষতা রয়েছে।’
এবি/