দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভেনিজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের রেশ কাটতে না কাটতেই এবার যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। সোমবার স্থানীয় সময় মধ্যরাতে ওহাইও অঙ্গরাজ্যের সিনসিনাটিতে তার বাসভবনে এই হামলা হয়।
সম্ভাব্য চুরি ও ভাঙচুরের খবর পেয়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী দ্রুত ইস্ট ওয়ালনাট হিলস এলাকায় পৌঁছায়। রাত দেড়টার কিছু পর ঘটনাস্থল থেকে এক সন্দেহভাজনকে আটক করা হয়। এ তথ্য জানিয়েছে সিএনএন।
কর্তৃপক্ষ জানায়, ভ্যান্সের ওহাইওর বাসভবনে ভাঙচুরের ঘটনায় একজন প্রাপ্তবয়স্ক পুরুষকে হেফাজতে নেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে বাসভবনের একাধিক জানালা ভাঙা অবস্থায় দেখা গেছে।
মার্কিন সিক্রেট সার্ভিস জানায়, ঘটনার সময় ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স ও তার পরিবার ওই বাসভবনে ছিলেন না। সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগ্লিয়েলমি বলেন, ব্যক্তিগত একটি বাসভবনের বাইরের জানালা ভাঙাসহ ভাঙচুরের অভিযোগে সন্দেহভাজনকে আটক করা হয়েছে। অভিযোগ গঠনের বিষয়ে সিদ্ধান্ত নিতে সিনসিনাটি পুলিশ বিভাগ ও যুক্তরাষ্ট্রের অ্যাটর্নির কার্যালয়ের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।
একজন ফেডারেল আইন প্রয়োগকারী কর্মকর্তা সিএনএনকে বলেন, হামলাটি ভ্যান্স বা তার পরিবারের বিরুদ্ধে লক্ষ্যভিত্তিক ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সন্দেহভাজন ব্যক্তি বাসভবনের ভেতরে প্রবেশ করতে পারেননি।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, ঘটনার আগেই ভাইস প্রেসিডেন্টের পরিবার শহর ছেড়ে চলে গিয়েছিল।
এমএস/