দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। দেশটি বলেছে, এই হামলার মাধ্যমে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ওয়াশিংটন। মার্কিন অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করা হয়েছে—এমন খবরের পর শনিবার এই প্রতিক্রিয়া জানায় তেহরান।
এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে সরাসরি সামরিক আগ্রাসন চালিয়েছে। এটি দেশটির সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন। বিবৃতিতে বলা হয়, এই পদক্ষেপ জাতিসংঘ সনদের মৌলিক নীতিমালার পরিপন্থী, বিশেষ করে বলপ্রয়োগ নিষিদ্ধসংক্রান্ত অনুচ্ছেদ ২(৪) লঙ্ঘন করা হয়েছে।
ইরান আরও জানায়, যুক্তরাষ্ট্রের এই কর্মকাণ্ড আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। এর প্রভাব শুধু ভেনেজুয়েলার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং জাতিসংঘ সনদভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থাকে আরও দুর্বল করবে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘ ও অন্যান্য দেশকে এই অবৈধ বলপ্রয়োগের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে অভিযানের পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই কারাকাসে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করে যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের নিন্দা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ভেনেজুয়েলার জাতীয় সার্বভৌমত্ব ও অখণ্ডতা লঙ্ঘনের বিরুদ্ধে তেহরান তার নীতিগত অবস্থানে অটল।
বাঘাই আরও বলেন, জাতীয় ঐক্য বজায় রেখে ভেনেজুয়েলার জনগণ তাদের স্বাধীনতা ও জাতীয় স্বার্থ রক্ষা করবে এবং উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাবে—এ বিষয়ে ইরান আশাবাদী।
এদিকে শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানান ইলন মাস্ক। মাদুরোকে আটক করাকে তিনি ‘বিশ্বের জন্য একটি বিজয়’ এবং ‘সব স্বৈরশাসকদের জন্য স্পষ্ট বার্তা’ বলে মন্তব্য করেন।
মাদুরো আটক হওয়ার ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ইরান নিয়েও আলোচনা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেশটির নেতৃত্বের প্রতি আগেও হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, যা নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।
সূত্র: ইরান ইন্টারন্যাশনাল
এমএস/