দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে মার্কিন সামরিক বাহিনী আটক করেছে। এ ঘটনার পর দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন।
শনিবার (৩ জানুয়ারি) এক বিবৃতিতে লোপেজ বলেন, ‘ভেনেজুয়েলা জয়ী হবে, কোনো দরকষাকষি করবে না এবং কখনোই হার মানবে না।’ খবর আল জাজিরা
এর আগে ভেনেজুয়েলায় ব্যাপক হামলা চালিয়ে মাদুরো ও তার স্ত্রীকে মার্কিন ডেল্টা ফোর্স তুলে নিয়ে যায়।
বিবৃতিতে ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘আমরা এক উদ্দেশ্যের পেছনে একজোট মানুষ হিসেবে থাকব—আর সেই উদ্দেশ্য হলো বিজয়।’
প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, ভেনেজুয়েলার ইতিহাস শান্তি ও স্বাধীনতার সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠেছে। ‘আমরা সবসময় স্বাধীনতার জন্য লড়াই করেছি। মানবতার জন্য আমাদের হাত প্রসারিত রেখেছি এবং ভবিষ্যতেও আমাদের মাতৃভূমি ও জনগণের ঐক্য রক্ষা করে যাব,’ বলেন তিনি।
লোপেজ জোর দিয়ে বলেন, ‘ভেনেজুয়েলার স্বাধীনতা ও সার্বভৌমত্ব কোনোভাবেই দরকষাকষির বিষয় হতে পারে না।’
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান সংকটময় পরিস্থিতিতে সবাইকে শান্ত ও ঐক্যবদ্ধ থাকতে হবে। ‘আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টি করাই শত্রুর লক্ষ্য। আমাদের সেই ফাঁদে পা দেওয়া যাবে না,’ বলেন তিনি।
প্রতিরক্ষা মন্ত্রী আরও জানান, ভেনেজুয়েলার সশস্ত্র বাহিনী যেকোনো আগ্রাসন বা শত্রুতার বিরুদ্ধে দেশ রক্ষায় প্রস্তুত। ‘আমরা আমাদের পূর্বপুরুষদের কাছে দেওয়া প্রতিশ্রুতি অটলভাবে রক্ষা করব। ভেনেজুয়েলার সংবিধান অনুযায়ী দেশের সব সশস্ত্র বাহিনীর পূর্ণাঙ্গ মোবিলাইজেশন ঘোষণা করা হয়েছে,’ তিনি জানান।
এই ঘটনার পর ভেনেজুয়েলায় রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এবি/