দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজায় চলমান মানবিক সংকটের প্রেক্ষাপটে হলিউড অভিনেত্রী ও মানবাধিকারকর্মী অ্যাঞ্জেলিনা জোলি মিসরের রাফাহ সীমান্ত ক্রসিং পরিদর্শন করেছেন। শুক্রবার তিনি গাজা সীমান্তসংলগ্ন রাফাহর মিসরীয় অংশে গিয়ে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক ও ত্রাণবাহী ট্রাকচালকদের সঙ্গে কথা বলেন।
একটি মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে সফরে এসে জোলিকে সেখানে বর্তমান ও সাবেক মিসরীয় কর্মকর্তারা স্বাগত জানান। রাফাহে দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকদের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে তিনি নিজেকে সম্মানিত মনে করছেন বলে জানান। এক রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবক তাকে জানান, সীমান্তে হাজার হাজার ত্রাণবাহী ট্রাক অপেক্ষায় রয়েছে।
স্থানীয় গণমাধ্যম জানায়, জাতিসংঘের শরণার্থী সংস্থার সাবেক বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করা জোলি আহত ফিলিস্তিনিদের অবস্থা দেখতে এবং গাজায় ত্রাণ প্রবেশের পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করতেই এই সফরে যান। তবে সফরটি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি জোলি বা মিসরীয় কর্তৃপক্ষ।
দীর্ঘ দুই দশকের বেশি সময় জাতিসংঘের সঙ্গে কাজ করার পর ২০২২ সালের শেষ দিকে বিশেষ দূতের দায়িত্ব ছাড়েন অ্যাঞ্জেলিনা জোলি। সে সময় তিনি জানান, আরও বিস্তৃত মানবিক ইস্যুতে কাজ করতেই এই সিদ্ধান্ত।
এদিকে যুদ্ধবিরতি কার্যকর থাকার কথা থাকলেও রাফাহ সীমান্ত এখনো পুরোপুরি খোলা হয়নি। শুক্রবার এক যৌথ বিবৃতিতে তুরস্কসহ আটটি দেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, দখলদার শক্তি হিসেবে ইসরায়েলকে গাজায় জরুরি ত্রাণ প্রবেশ ও বিতরণে আরোপিত বিধিনিষেধ দ্রুত তুলে নিতে চাপ দেওয়া উচিত।
গত ডিসেম্বরে ইসরায়েল ঘোষণা দেয়, রাফাহ ক্রসিং কেবল গাজা ছাড়তে ইচ্ছুকদের জন্য খোলা হবে। তবে মিসর দ্রুত জানায়, এমন সিদ্ধান্তে তারা সম্মতি দেয়নি।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ ৭১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে এবং পুরো অঞ্চলটি ব্যাপকভাবে ধ্বংস হয়েছে। ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েলের হামলা ও চুক্তি লঙ্ঘনের অভিযোগ অব্যাহত রয়েছে।
যুদ্ধবিরতির পরও গাজায় জীবনযাত্রার পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। ইসরায়েল এখনো কঠোরভাবে ত্রাণবাহী ট্রাক প্রবেশ সীমিত করে রেখেছে, যা মানবিক চুক্তির শর্তের পরিপন্থী বলে অভিযোগ উঠেছে।
সূত্র- টিআরটি ওয়ার্ল্ড
এমএস/