দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশে চলমান অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের কংগ্রেসের এমপি ও পররাষ্ট্রবিষয়ক পার্লামেন্টারি কমিটির প্রধান শশী থারুর। এমন পরিস্থিতিতে ভারত–বাংলাদেশ সম্পর্ক স্থিতিশীল করার জন্য দেশটির কেন্দ্রীয় সরকারের কাছে আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (১৯ ডিসেম্বর) তিনি বাংলাদেশের সাম্প্রতিক ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এ আহ্বান জানান। খবর হিন্দুস্তান টাইমস
এছাড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর সেভেন সিস্টার্স নিয়ে মন্তব্যের কড়া সমালোচনা করেন কংগ্রেসের এ নেতা।
শশী থারুর বলেন, ‘বাংলাদেশে কিছু দায়িত্বজ্ঞানহীন ব্যক্তি রয়েছেন, যারা অর্থহীন কথা বলছেন।’
‘আপনারা সম্প্রতি একজন ছাত্রনেতার বক্তব্য দেখেছেন। যে বলেছে, তিনি ভারতের সাতটি রাজ্যকে বাকি ভারত থেকে আলাদা করে দেবে। ও কে এমন কথা বলার? কিন্তু মানুষ এসব বলছে, আর তাই আমরা খুব সচেতন যে এ ধরনের বিষয় নিয়ন্ত্রণহীনভাবে ঘুরে বেড়াচ্ছে,’ বলেন থারুর।
বাংলাদেশের সরকারকে ভারতের মৌলিক স্বার্থের সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানান কংগ্রেসের এ নেতা। তিনি বলেন, ‘আমরা আশা করি, বাংলাদেশের সরকার গঠনমূলক পদক্ষেপ নেবে, যাতে বাংলাদেশের ভেতরে ভারতের মৌলিক স্বার্থ ক্ষতিগ্রস্ত না হয়—যেমন আমরাও বাংলাদেশের স্থিতিশীলতা, শান্তি ও গণতন্ত্রের পক্ষে সহায়ক ভূমিকা রাখব।’
শশী থারুর ভারতের কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্রমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি। তিনি এই কমিটিকে বাংলাদেশ সম্পর্ক ‘স্থিতিশীল’ করার আহ্বান জানিয়েছেন। থারুর বলেন, ‘বাংলাদেশ থেকে এই খবর আসায় আমি অত্যন্ত হতাশ। সংসদের পররাষ্ট্র বিষয়ক কমিটি সম্প্রতি একটি প্রতিবেদন দিয়েছে, যেখানে আমরা সরকারের প্রতি আহ্বান জানিয়েছি— বাংলাদেশ সরকারের সঙ্গে গঠনমূলক আলোচনা করুক এবং সম্পর্ককে স্থিতিশীল স্তরে নিয়ে যাওয়ার চেষ্টা করুক।’
থারুর আরও উল্লেখ করেন ভারতের বাংলাদেশ সম্পর্কের সঙ্গে ‘বড় অংশীদারিত্ব’ রয়েছে। তিনি বলেন, ‘আমরা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলাম। এত বছর পরও আমরা হঠাৎ বাংলাদেশিদের ছেড়ে যেতে পারি না। একই সঙ্গে, ভারতীয়দের এবং যাদের ভারতপন্থী বলে ধরা হচ্ছে তাদের বিরুদ্ধে যে শত্রুতা তৈরি হচ্ছে, তা অত্যন্ত উদ্বেগজনক।’
এবি/