দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শক্তিশালী ঝড়ে ভেঙে পড়েছে স্ট্যাচু অব লিবার্টির প্রায় ৪০ মিটার উঁচু একটি রেপ্লিকা। তবে ঘটনাটি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নয়, ব্রাজিলের দক্ষিণাঞ্চলের গুইবা শহরের।
স্থানীয় কর্তৃপক্ষ ও স্থাপনাটির মালিকানা কোম্পানি জানিয়েছে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকালে দক্ষিণ ব্রাজিলজুড়ে তীব্র ঝড় বয়ে যাওয়ার সময় গুইবা শহরে অবস্থিত এই রেপ্লিকাটি ধসে পড়ে। খবর এনডিটিভি
প্রতিবেদনে বলা হয়েছে, হাভান নামের একটি বড় খুচরা বিপণি প্রতিষ্ঠানের পার্কিং লটে ও একটি ফাস্ট-ফুড রেস্তোরাঁর পাশে স্থাপিত ছিল মূর্তিটি।
ভিডিও ফুটেজে দেখা যায়, প্রবল বাতাসের চাপে বিশাল মূর্তিটি দুলতে দুলতে হেলে পড়ে এবং একপর্যায়ে ভেঙে যায়। মাটিতে আছড়ে পড়ার পর মূর্তিটির মাথার অংশ সম্পূর্ণ চূর্ণ হয়ে যায়।
প্রতিবেদনে আরও বলা হয়, গুইবা শহরের একটি ম্যাকডোনাল্ডসের বিপরীতে অবস্থিত হাভানের পার্কিং লটে থাকা এই প্রায় ৪০ মিটার (১১৪ ফুট) উঁচু স্ট্যাচু অব লিবার্টির রেপ্লিকাটি ব্রাজিলজুড়ে থাকা এমন কয়েক ডজন অনুরূপ মূর্তির একটি। ধসে পড়ার ফলে মূর্তির প্রায় ২৪ মিটার (৭৮ ফুট) উঁচু উপরের অংশ ক্ষতিগ্রস্ত হলেও ১১ মিটার (৩৬ ফুট) উঁচু বেদিটি অক্ষত রয়েছে।
হাভান এক বিবৃতিতে জানিয়েছে, ২০২০ সালে স্টোরটি চালু হওয়ার পর থেকেই মূর্তিটি সেখানে স্থাপিত হয় এবং এটি প্রয়োজনীয় সব কারিগরি সনদপ্রাপ্ত ছিল। দুর্ঘটনার পরপরই ক্রেতা ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে এলাকা ঘিরে ফেলা হয় এবং কয়েক ঘণ্টার মধ্যেই বিশেষজ্ঞ দল ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করে।
গুইবার মেয়র মার্সেলো মারানাতা জানিয়েছেন, কোনো প্রাণহানি ঘটেনি। দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রশংসা করেন। তিনি বলেন, স্থানীয় দলগুলো রাজ্য সিভিল ডিফেন্স কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে এলাকা নিরাপদ করে এবং আশপাশে অতিরিক্ত ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা পরীক্ষা করে।
আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড়ের সময় ওই অঞ্চলে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটারের বেশি ছিল। এর আগে রাজ্য সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ মহানগর এলাকায় তীব্র আবহাওয়ার সতর্কতা জারি করে এবং শক্তিশালী বাতাস ও ভারী বৃষ্টির ঝুঁকি সম্পর্কে মোবাইলে জরুরি বার্তা পাঠায়।
এবি/