দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের গোয়ার উত্তর আরপোরায় ‘বার্চ বাই রোমিও লেন’ নাইটক্লাবে শনিবার রাতের অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃত্যু হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই ক্লাবের দুই মালিক—গৌরব ও সৌরভ লুথরা— পালিয়ে ভারত ছেড়ে থাইল্যান্ডে চলে যান।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, এফআইআর দায়ের হওয়ার পর পুলিশ দুই অভিযুক্তকে খুঁজতে দিল্লিতে গিয়েও ফলাফল পাননি। বাড়ির দরজায় নোটিশ রাখার পাশাপাশি, ইমিগ্রেশন ব্যুরোকে অনুরোধ করে লুকআউট সার্কুলার জারি করা হয়েছে। এর ফলে দেশের সব বিমানবন্দর ও বন্দরগুলোতে তাদের দেশ ত্যাগ বা প্রবেশ রোধের নির্দেশ দেওয়া হয়েছে।
মুম্বাই বিমানবন্দর ইমিগ্রেশন ব্যুরোর তথ্য অনুযায়ী, দুই অভিযুক্ত রোববার ভোর ৫টা ৩০ মিনিটে ফুকেট যাওয়ার উদ্দেশ্যে দেশত্যাগ করেন। পুলিশ মনে করছে, তারা স্পষ্টতই তদন্ত এড়াতে এভাবে পালিয়েছে।
গোয়া পুলিশ ইতিমধ্যেই সিবিআইয়ের ইন্টারপোল শাখার সঙ্গে যোগাযোগ করেছে যাতে আন্তর্জাতিক সমন্বয়ের মাধ্যমে দ্রুত তাদের গ্রেপ্তারের ব্যবস্থা করা যায়। তৃতীয় অভিযুক্তকে দিল্লি থেকে গ্রেপ্তার করে গোয়ায় আনা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
অগ্নিকাণ্ডে ক্লাবের জেনারেল ম্যানেজারসহ চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারের পরোয়ানা জারি করা হয়েছে। এছাড়া, ক্লাবকে বিভিন্ন ধরনের অনুমতি ও লাইসেন্স দেওয়ার সঙ্গে যুক্ত সরকারি কর্মকর্তাদেরও তলব করা হয়েছে।
উত্তর গোয়ার প্রশাসন ইতিমধ্যেই নিয়ন্ত্রক ত্রুটির অভিযোগে শামিলা মন্টেইরোকে বরখাস্ত করেছে। ঘটনার প্রাথমিক তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে, যা এক সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেবে। মৃতদের পরিবারকে ৫ লাখ টাকা করে এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করা হয়েছে।
এবি/