দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাপান জানিয়েছে, নিরাপদ দূরত্ব বজায় রেখেও তাদের যোদ্ধা বিমানের ওপর চীনা সামরিক বিমান রাডার লক করেছে। সোমবার সাংবাদিকদের এ তথ্য জানান জাপানের মুখ্য ক্যাবিনেট সচিব মিনোরু কিহারা। তিনি বলেন, চীনের অভিযোগ ‘সত্য নয়’ এবং জাপানি বিমানের কোনো বাধা সৃষ্টি করা হয়নি।
ঘটনাটি ঘটে গত শনিবার, জাপানের ওকিনাওয়ার কাছে প্রশান্ত মহাসাগরে। চীনা বিমানবাহী রণতরী ‘লিয়াওনিং’ থেকে উড্ডয়নকারী জে–১৫ যুদ্ধবিমান দুবার জাপানের এফ–১৫ বিমানের ওপর রাডার লক করে—একবার প্রায় তিন মিনিটের জন্য এবং আরেকবার প্রায় আধাঘণ্টা।
জাপানের প্রতিরক্ষা মন্ত্রী শিনজিরো কোইজুমি ঘটনাকে ‘অত্যন্ত দুঃখজনক’ ও ‘বিপজ্জনক’ বলে মন্তব্য করেন। তিনি জানান, বেইজিংয়ের কাছে শক্ত প্রতিবাদ জানানো হয়েছে এবং একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
জাপানের দাবি, তাদের বিমানগুলো নিরাপদ দূরত্বে থেকে শুধু চীনা বিমানের গতিবিধি নজরদারি করছিল এবং কোনো উসকানিমূলক পদক্ষেপ নেয়নি। আকাশসীমা লঙ্ঘন বা ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেনি।
চীন অবশ্য উল্টো অভিযোগ করেছে। দেশটির নৌবাহিনীর মুখপাত্র কর্নেল ওয়াং শুয়েমেং বলেছেন, তারা আগেই মহড়ার ঘোষণা দিয়েছিল এবং জাপানি বিমান ‘উত্ত্যক্ত করার চেষ্টা’ করেছে। তিনি জাপানকে ‘মিথ্যাচার বন্ধ করার’ আহ্বান জানান।
টোকিও সোমবার জানিয়েছে, দুই দেশের মধ্যে যোগাযোগ বজায় রাখা জরুরি হলেও রাডার লক হওয়ার সময় ২০১৮ সালে চালু হওয়া হটলাইনটি ব্যবহার করা হয়েছিল কি না—তা তারা জানাতে রাজি নয়।
চীনের সঙ্গে উত্তেজনা বাড়ছে জাপানের নভেম্বরের শুরুতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেন, চীন তাইওয়ানের বিরুদ্ধে ব্যবস্থা নিলে জাপানের সামরিক বাহিনীও যুক্ত হতে পারে। এরপর থেকেই দুই দেশের সম্পর্কে টানাপোড়েন বাড়ে। তাকাইচি রাডার লক ঘটনাকে ‘অত্যন্ত হতাশাজনক’ বলে অভিহিত করেছেন।
জাপান-অস্ট্রেলিয়া উদ্বেগ জানায় রোববার টোকিওতে বৈঠক শেষে জাপান ও অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রীরা ঘটনাটি নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেন। অস্ট্রেলিয়ার মন্ত্রী রিচার্ড মার্লেস বলেন, তারা আশা করেন সব সামরিক সংস্পর্শই হবে নিরাপদ ও পেশাদারভাবে।
দুই দেশ আঞ্চলিক নিরাপত্তা জোরদারে নতুন প্রতিরক্ষা সহযোগিতা কাঠামোতে সম্মত হয়েছে। জাপান বর্তমানে যুক্তরাষ্ট্রের পাশাপাশি অস্ট্রেলিয়াকেও ঘনিষ্ঠ নিরাপত্তা অংশীদার মনে করে।
এ ধরনের রাডার লক ঘটনা জাপান-চীন সামরিক বিমানের ক্ষেত্রে এটাই প্রথম বলে ধারণা করা হচ্ছে।
এদিকে দক্ষিণ চীন সাগরে টহলরত এক ফিলিপাইন সরকারি বিমানের দিকেও চীন তিনটি ফ্লেয়ার নিক্ষেপ করেছে বলে ম্যানিলার উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে।
সূত্র: সিএনএন
এমএস/