দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিল্লির লাল কেল্লার কাছে গাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার সন্দেহে চিকিৎসক ডা. উমর উন-নবীরের বাড়ি ধ্বংস করেছে ভারতের নিরাপত্তা বাহিনী।
শুক্রবার (১৪ নভেম্বর) ভোরে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় তার বাড়িতে এ অভিযান চালানো হয়।
গত সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় দিল্লির নেতাজি সুভাষ মার্গের ট্রাফিক সিগন্যালের কাছে একটি হুন্ডাই আই-২০ গাড়ি বিস্ফোরণে ১৩ জন নিহত ও ২০ জনের বেশি আহত হন।
তদন্তে জানা যায়, বিস্ফোরণের সময় গাড়িটি চালাচ্ছিলেন ফরিদাবাদের আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক উমর। ঘটনাস্থল থেকে উদ্ধার করা ডিএনএ নমুনা তার মায়ের নমুনার সঙ্গে মিলিয়ে উমরের উপস্থিতি নিশ্চিত করে তদন্তকারীরা।
নিরাপত্তা বাহিনী জানায়, কাশ্মীরে উমরের বাড়ি ভেঙে ফেলা মূলত ভারতের ভেতরে সন্ত্রাসে জড়িতদের জন্য একটি বার্তা। এর আগে পহেলগামে সন্ত্রাসী হামলার পরিকল্পনায় জড়িত সন্দেহভাজনদের বিরুদ্ধেও একই ধরনের অভিযান চালানো হয়েছিল।
দিল্লির বিস্ফোরণের আগে প্রায় ২ হাজার ৯০০ কেজি বিস্ফোরক তৈরির উপাদান এবং অ্যাসল্ট রাইফেলসহ আধুনিক অস্ত্র উদ্ধার করে নিরাপত্তা বাহিনী। ফরিদাবাদ থেকে গ্রেপ্তার করা হয় উমরের সহযোগী দুই চিকিৎসক মুজাম্মিল ও শাহিন সাঈদকে। তারা বর্তমানে হেফাজতে আছেন এবং বিপুল পরিমাণ বিস্ফোরক মজুতের নেপথ্য পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ চলছে।
তদন্তকারীরা সন্দেহ করছেন, জইশ-ই-মোহাম্মদ ও আনসার গজওয়াতুল হিন্দ-সংযুক্ত একটি মডিউল আরও বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছিল। সহযোগীদের গ্রেপ্তারের পর আতঙ্কে উমর নিজেই গাড়িতে বিস্ফোরণ ঘটিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: এনডিটিভি