দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ৩০ অক্টোবর দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন। এশিয়ায় একটি শীর্ষ সম্মেলনের ফাঁকে তাদের এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে হোয়াইট হাউস নিশ্চিত করেছে।
বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির মধ্যে চলমান উত্তেজনার মধ্যেও কয়েক সপ্তাহ ধরে এই বৈঠক আয়োজনের প্রস্তুতি চলছিল। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর এটি হবে তার ও শি জিনপিংয়ের প্রথম মুখোমুখি সাক্ষাৎ।
আগামী নভেম্বর থেকে চীনা পণ্যে অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প, যদি না চীন তাদের বিরল খনিজ রপ্তানিতে আরোপিত কঠোর সীমাবদ্ধতা শিথিল করে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন।
দুই নেতার এই বৈঠক এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত হবে, যা ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত দক্ষিণ কোরিয়ার পূর্বাঞ্চলীয় শহর গিয়ংজুতে অনুষ্ঠিত হবে।
ট্রাম্প বলেন, ‘আমাদের বেশ দীর্ঘ বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে। আমরা পারস্পরিক সন্দেহ ও প্রশ্নগুলো সমাধান করতে পারব এবং একসঙ্গে আমাদের বিশাল সম্পদগুলো নিয়ে কাজ করতে পারব।’ তিনি আরও যোগ করেন, ‘আমার মনে হয়, ইতিবাচক কিছু ফল আসবে। আমাদের সম্পর্ক ভালো, তবে এই বৈঠকটা খুব গুরুত্বপূর্ণ হবে।’
চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও শুক্রবার বলেন, আসন্ন আলোচনা নিয়ে তারা আশাবাদী। তিনি বলেন, ‘পূর্ববর্তী আলোচনাগুলো দেখিয়েছে, উভয় পক্ষের উদ্বেগের সমাধান খুঁজে পাওয়া সম্ভব এবং চীন-মার্কিন অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে আরও সুস্থ, স্থিতিশীল ও টেকসইভাবে এগিয়ে নেওয়া যেতে পারে।’
দক্ষিণ কোরিয়া সফরে ট্রাম্প দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের সঙ্গেও বৈঠক করবেন এবং নেতাদের জন্য আয়োজিত এক নৈশভোজে অংশ নেবেন।
এশিয়া সফরের অংশ হিসেবে ট্রাম্প রোববার মালয়েশিয়ায় অনুষ্ঠিত দক্ষিণ-পূর্ব এশীয় দেশসমূহের সংগঠন (আসিয়ান) সম্মেলনেও যোগ দেবেন। সফরের সময় তিনি মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও জাপানের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গেও তার দেখা হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র লেভিট। সূত্র: বিবিসি
এমএস/