দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজায় ত্রাণ নিয়ে যাওয়া একটি বহরে ড্রোন হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সহায়তায় জাহাজ পাঠাচ্ছে ইতালি ও স্পেন। বহরের স্বেচ্ছাসেবীরা দাবি করছেন, ইসরায়েলই এ হামলা চালিয়েছে।
ত্রাণবাহী এ বহরটি পরিচালনা করছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা (জিএসএফ) নামের একটি সংগঠন। ভূমধ্যসাগরের বিভিন্ন বন্দর থেকে যাত্রা শুরু করা তাদের কয়েকটি জাহাজ মঙ্গলবার হামলার শিকার হয় বলে অভিযোগ। সংগঠনটির দাবি, এটি ইসরায়েলের পক্ষ থেকে ভয় দেখানোর অংশ।
জিএসএফ জানিয়েছে, গাজার কাছাকাছি পৌঁছানোর আগেই একাধিক জাহাজে বিস্ফোরণ ও অজ্ঞাত বস্তু ফেলা হয়। এতে যোগাযোগ ব্যবস্থায় সমস্যা ও ব্যাপক ক্ষতি হয়েছে। জাহাজগুলোতে ইতালি, স্পেন ও সুইডেনসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। সব মিলিয়ে অংশ নিয়েছেন ৫০০-রও বেশি মানুষ।
স্পেনের সংসদ সদস্য হুয়ান বর্দেরা এক জাহাজ থেকে জানান, টানা বিস্ফোরণে তারা এক ‘দুঃস্বপ্নের’ মধ্যে পড়েছেন। তিনি ইউরোপীয় ইউনিয়নকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
এদিকে জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানেস জানিয়েছেন, তিউনিস থেকে ক্রিট পর্যন্ত অন্তত ১৪ বার হামলার শিকার হয়েছে এই বহর। এর মধ্যে চারটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে, একটি জাহাজে এখনো একটি অবিস্ফোরিত বোমা রয়েছে। জাতিসংঘ মানবাধিকার দফতর এ ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছে।
হামলার পর ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঘটনাটিকে নিন্দা জানিয়ে বলেন, ‘কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।’ তিনি বহরের সদস্যদের সতর্ক করে বলেন, গাজায় ঢোকার চেষ্টায় জীবন ঝুঁকিতে ফেলা দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ। রোম প্রস্তাব দিয়েছে, ত্রাণসামগ্রী সাইপ্রাসে হস্তান্তর করে লাতিন প্যাট্রিয়ার্কেট অব জেরুজালেমের মাধ্যমে গাজায় পাঠানো যেতে পারে।
ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তায়ানি জানিয়েছেন, ইসরায়েল সরকারের সঙ্গে আলোচনায় আছেন যাতে মানবিক সহায়তা নিরাপদে গাজায় পৌঁছায়। অন্যদিকে, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, তারাও সহায়তায় একটি জাহাজ পাঠাচ্ছেন।
ইসরায়েল আগেই জানিয়ে দিয়েছে, কোনোভাবেই এ বহরকে গাজায় ঢুকতে দেওয়া হবে না। তবে নিকটবর্তী অন্য কোনো বন্দর থেকে ত্রাণ গ্রহণ করে শান্তিপূর্ণভাবে পাঠানোর প্রস্তাব দিয়েছে দেশটি।
সূত্র: সিএনএন
এমএস/