দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজা সিটিতে ইসরায়েলি সেনাবাহিনী টানা দ্বিতীয় দিনের মতো একটি বহুতল ভবন ধ্বংস করেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) টার্গেট করা হয় সুসি টাওয়ার। এর আগের দিন ধ্বংস করা হয়েছিল শহরের আল-রিমাল এলাকায় মুশতাহা টাওয়ার।
প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সামাজিক যোগাযোগমাধ্যমে টাওয়ার ধসের ভিডিও প্রকাশ করে লিখেছেন— 'আমরা এগিয়ে যাচ্ছি।'
ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) দাবি করেছে, সুসি টাওয়ার হামাসের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছিল। তবে হামাস এই অভিযোগ অস্বীকার করেছে। হতাহতের সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
হামলার আগে স্থানীয়দের দক্ষিণের আল-মাওয়াসি এলাকায় চলে যাওয়ার আহ্বান জানিয়ে লিফলেট ছড়ানো হয়। আইডিএফ বলছে, সেখানে আশ্রয়, চিকিৎসা ও খাদ্যের ব্যবস্থা রয়েছে। তবে জাতিসংঘ জানিয়েছে, আল-মাওয়াসির শিবিরগুলো অনিরাপদ, আর দক্ষিণাঞ্চলের হাসপাতালগুলো অতিরিক্ত চাপের মুখে রয়েছে।
গত মঙ্গলবার আল-মাওয়াসিতে পানির লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ড্রোন হামলায় পাঁচ শিশু নিহত হয়। ঘটনাটি তদন্তাধীন বলে জানিয়েছে আইডিএফ।
ইসরায়েল দাবি করছে, তারা নাগরিকদের ক্ষতি এড়াতে সতর্কতা অবলম্বন করছে। যেমন আগাম সতর্কবার্তা দেওয়া ও লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত। তবে ফিলিস্তিনি পক্ষ বলছে, এই ভবনগুলোতে বাস্তুচ্যুত পরিবার আশ্রয় নিয়েছিল। গাজার সিভিল ডিফেন্স সংস্থার মুখপাত্র ইসরায়েলকে জোরপূর্বক বাস্তুচ্যুতির নীতি অনুসরণের অভিযোগ তুলেছেন।
স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, গত এক মাসে গাজার অনেক এলাকা প্রায় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। এসব আবাসিক ও বাণিজ্যিক বহুতল ভবন শুধু আশ্রয়ের জায়গাই ছিল না—১৯৯৩ সালের অসলো চুক্তির পর স্বাধীন রাষ্ট্র গঠনের আশায় গড়ে ওঠা গাজার ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়ও বটে।
জাতিসংঘের হিসাবে, এখনো প্রায় ১০ লাখ মানুষ গাজা সিটিতে রয়ে গেছেন। সংস্থাটি সম্প্রতি সেখানে দুর্ভিক্ষ ঘোষণা করে সতর্ক করেছে, চলমান অভিযান অব্যাহত থাকলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আক্রমণের পর থেকে গাজায় ইসরায়েলি অভিযান চলছে। ওই হামলায় প্রায় ১,২০০ মানুষ নিহত ও ২৫১ জন জিম্মি হয়েছিল। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলের অভিযানে এ পর্যন্ত ৬৩ হাজার ৭০০-র বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়।
এছাড়া, অপুষ্টি ও অনাহারে ৩৬৭ জনের মৃত্যু হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।
এমএস/