দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইউক্রেনের জাপোরিঝিয়ায় রাতভর রাশিয়ার তীব্র হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৪ জন, যাদের মধ্যে দুই শিশু রয়েছে। ধ্বংস হয়েছে বহু বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান। এদিকে পাল্টা আঘাতে ইউক্রেন রাশিয়ার দুটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে। খবর আল জাজিরার।
শনিবার (৩০ আগস্ট) ভোরে ইউক্রেনের জরুরি সেবা বিভাগ জানিয়েছে, রাশিয়া ‘ব্যাপক হামলা’ চালিয়েছে জাপোরিঝিয়া অঞ্চলে। স্থানীয় প্রশাসন প্রধান ইভান ফেদোরভ বলেন, হামলায় বহু বাড়িঘর ভেঙে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে ক্যাফে, সার্ভিস স্টেশন ও শিল্প কারখানা।
একই সময়ে ইউক্রেনের দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। গভর্নর সেরহিয়ি লিসাক জানিয়েছেন, দনিপ্রো ও পাভলোহরাদ শহরে হামলা হয়েছে। তিনি স্থানীয়দের সতর্ক থাকতে ও আশ্রয় নেওয়ার আহ্বান জানান।
রাশিয়ার ব্যাপক হামলায় শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। ইউক্রেনীয় সেনারা দাবি করেছে, তারা ৫৩৭ ড্রোনের মধ্যে ৫১০টি ও ৪৫ ক্ষেপণাস্ত্রের মধ্যে ৩৮টি ভূপাতিত করেছে। তবুও ৭টি এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হানে।
অন্যদিকে ইউক্রেনীয় সেনারা দাবি করেছে, তারা রাশিয়ার ক্রাসনোদার ও সামারা অঞ্চলের তেল শোধনাগারে আঘাত হেনেছে। হামলার পর সেখানে বিস্ফোরণ ও আগুন দেখা গেছে।
এর দুই দিন আগে রাশিয়ার ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে ওঠে রাজধানী কিয়েভ। ওই ঘটনায় অন্তত ২৫ জন নিহত হন, যাদের মধ্যে ৪ শিশু ছিল। ধসে পড়া একটি আবাসিক ভবনে বেশিরভাগ প্রাণহানি ঘটে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একে আক্রমণের ‘দ্বিতীয় বৃহৎ ঘটনা’ বলে উল্লেখ করেন।
শনিবার জেলেনস্কি বলেন, আসন্ন শীর্ষ বৈঠক সামনে রেখে রাশিয়া নতুন করে ভয়াবহ হামলা চালিয়েছে। তিনি জোর দিয়ে বলেন, রুশ সেনাদের অর্থায়নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং ব্যাংক ও জ্বালানি খাতে কার্যকর নিষেধাজ্ঞা ছাড়া শান্তির সম্ভাবনা নেই।
এদিকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির প্রধান কায়া কালাস বলেছেন, যুদ্ধের কারণে রাশিয়ার সম্পদ ইইউতে যে হিমায়িত রয়েছে, ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত সেগুলো ফেরত দেওয়া সম্ভব নয়।
ইইউ প্রতিরক্ষামন্ত্রীরা শুক্রবার কোপেনহেগেনে বৈঠকে বসে জানিয়েছে, যুদ্ধবিরতির পরিস্থিতি তৈরি হলে ইউক্রেনীয় সেনাদের নিজেদের ভূখণ্ডেই প্রশিক্ষণ দেওয়া হবে। জেলেনস্কি জানিয়েছেন, তিনি আগামী সপ্তাহে ইউরোপীয় নেতাদের সঙ্গে নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আরও আলোচনা করবেন। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও সম্পৃক্ত করার ইঙ্গিত দেন তিনি।
এদিকে শনিবার জেলেনস্কি জানান, পশ্চিম ইউক্রেনের লভিভ শহরে সাবেক পার্লামেন্ট স্পিকার আন্দ্রি পারুবিকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে তদন্ত চলছে এবং হত্যাকারী এখনও ধরা পড়েনি।
এমএস/