দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশে রাজনৈতিক সমাবেশে সহিংসতার ঘটনায় উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বাংলাদেশের সকল পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে অতিরিক্ত বলপ্রয়োগ এবং নির্বিচারে আটক করা থেকেও বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে সম্মান করা উচিত বলেও মন্তব্য করেছেন গুতেরেস।
স্থানীয় সময় সোমবার (৩০ অক্টোবর) নিয়মিত ব্রিফিংয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মহাসচিব বাংলাদেশে রাজনৈতিক সমাবেশে সহিংসতার ঘটনায় উদ্বিগ্ন। এই সহিংসতায় অন্তত ৯ জন মারা গেছেন এবং আরও বহু মানুষ আহত হয়েছেন।
তিনি বলেন, সব পক্ষকে সহিংসতা বা অত্যধিক বলপ্রয়োগ বা নির্বিচারে আটক থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে পারার অধিকারকে সম্মান করার প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছেন তিনি।
এসময় গত ২৮ অক্টোবর প্রধান বিরোধীদল বিএনপির সঙ্গে পুলিশ এবং বাংলাদেশের ক্ষমতাসীন দলের সহিংসতা, গ্রেপ্তার এবং নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের এই মুখপাত্র বলেন, এসব ঘটনায় আমরা স্পষ্টতই উদ্বিগ্ন, যেমনটা আমি বলেছি, সহিংসতা নিয়ে। আমরা এখনও মনে করি, নির্বাচনের আগে শান্ত থাকা এবং সকল মানুষের মত প্রকাশের স্বাধীনতার বিষয়ে শ্রদ্ধা থাকা জরুরি। তবে আমি মনে করি না, কেউ নির্বাচন নিয়ে পূর্বাভাস দিতে পারে।
এর আগে, গত আগস্টের শেষের দিকেও বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে কথা বলেছিলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক। সেসময় তিনি বলেন, আমরা আগেই বলেছি, আমরা তো বটেই এবং আমি মনে করি, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু নির্বাচন দেখতে চায় সবাই।
এফএইচ