দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন দেশটির মধ্য-ডানপন্থী ইয়াশার দলের নেতা গাদি আইজেনকট। রোববার তেল আবিবে নেতানিয়াহুর সঙ্গে দুই ঘণ্টার বৈঠক শেষে তাকে ছাড়াই সরকার গঠনের ইঙ্গিত দিয়েছেন তিনি।
রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, নেতানিয়াহুর সঙ্গে জোট গড়ার পরিবর্তে তাকে ক্ষমতাচ্যুত করতে চাওয়া দলগুলোর সঙ্গে মিলে সরকার গঠনের দিকেই এগোচ্ছেন সাবেক এই সেনাপ্রধান।
চলতি মাসে দুই নেতার মধ্যে এটি ছিল দ্বিতীয় বৈঠক। এর আগে প্রথম বৈঠকটিকে আইজেনকটের জন্য নিরাপত্তা ব্রিফিং হিসেবে বর্ণনা করা হয়েছিল। গত ২৭ অক্টোবরের অমীমাংসিত নির্বাচনের পর এসব বৈঠক অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে কোনো পক্ষই সরকার গঠনের সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পায়নি।
বৈঠকের বিষয়ে বিস্তারিত না জানিয়ে নেতানিয়াহু ও আইজেনকট এক যৌথ বিবৃতিতে জানান, আলোচনা ছিল আনুষ্ঠানিক। এতে উভয় পক্ষ নিজেদের মধ্যে উল্লেখযোগ্য মতপার্থক্য দূর করার চেষ্টা করেছে।
ইসরায়েলি টেলিভিশন চ্যানেল-১২ জানিয়েছে, দুই নেতার মধ্যে ভবিষ্যতে আর কোনো বৈঠকের পরিকল্পনা নেই। সংবাদমাধ্যমটি আইজেনকটের বরাত দিয়ে জানায়, তিনি নেতানিয়াহুকে বলেছেন, তিনি জোটের শরিকদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। সরকার গঠনের পর নেতানিয়াহু চাইলে তাতে যোগ দিতে পারেন। আইজেনকটের একজন মুখপাত্রও প্রতিবেদনটির সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার নেতানিয়াহু জানিয়েছিলেন, আইজেনকটের নেতৃত্বে ঐক্যের সরকার গঠিত হলে তিনি সাময়িকভাবে ক্ষমতা ছাড়তে প্রস্তুত। নিজ দল লিকুদ পার্টি ও আইজেনকটের ইয়াশার দলের মধ্যে যেকোনো চুক্তির আওতায় পর্যায়ক্রমে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাবও দিয়েছিলেন তিনি।
নির্বাচনের পর ইসরায়েলের প্রেসিডেন্ট সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন আইজেনকটকে। এ জন্য আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত সময় পেয়েছেন তিনি। প্রয়োজনে এই সময়সীমা আরও ১৪ দিন বাড়ানোর সুযোগ রয়েছে।
গত সপ্তাহে বামপন্থী ডেমোক্র্যাটস ও ডানপন্থী ইসরায়েল বেইতেনু দলের সঙ্গে জোটগত চুক্তি করেছেন আইজেনকট। এসব দলের সমর্থন তাকে পার্লামেন্ট নেসেটে সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি নিয়ে যেতে পারে।
নির্বাচনে আইজেনকট ও তার সম্ভাব্য শরিকরা মোট ৪৮টি আসন পেয়েছেন। ১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন। অন্যদিকে নেতানিয়াহুর লিকুদ পার্টি এবং অতি-ডানপন্থী ও অতি-রক্ষণশীল দলগুলোর জোট পেয়েছে ৫৩টি আসন।
নেতানিয়াহুর সঙ্গে ঐক্যের সরকার গঠনে সমঝোতা না হলে অতি-রক্ষণশীল ইহুদি ও আরব দলগুলোর সম্ভাব্য সমর্থন নিয়ে জোট সরকার গঠন করতে পারেন আইজেনকট বলে ধারণা করা হচ্ছে।
রোববারের বৈঠকের পর ডেমোক্র্যাটস দলের প্রধান ইয়াইর গোলান বলেছেন, ইসরায়েলের জনগণ আইজেনকটের পাশে রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এখন এমন একটি সরকার গঠনের সময় এসেছে, যা প্রকৃত পরিবর্তন আনবে।
সূত্র: রয়টার্স।
যে আই