দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রোহিঙ্গা গণহত্যা ইস্যুতে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ের পর এবার নড়েচড়ে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। যুক্তরাজ্যের আহ্বানে বুধবার (২৫ নভেম্বর) এ নিয়ে জরুরি বৈঠকে বসছেন পরিষদের সদস্যরা। শুধু তাই নয়, বিষয়টির গুরুত্ব বিবেচনায় আগামী ডিসেম্বরেও আরেকটি আনুষ্ঠানিক বৈঠকের উদ্যোগ নিয়েছে লন্ডন।
যুক্তরাজ্য সরকার জানিয়েছে, জবাবদিহি নিশ্চিত করা এবং চলমান মানবিক সংকটের অবসান ঘটাতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখবে তারা।
গাম্বিয়ার দায়ের করা মামলায় গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ৯-৬ ভোটে ঐতিহাসিক রায় দেন আন্তর্জাতিক বিচার আদালত। আদালত বলেন, ২০১৭ সালে রাখাইন রাজ্যে সামরিক অভিযানের সময় মিয়ানমার রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে এবং ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘন করেছে।
এই রায়ের পর মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে বেশ কয়েকটি কঠোর পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড হাউস অব কমন্সে রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতাকে যুক্তরাজ্যের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ‘গণহত্যা’ হিসেবে স্বীকৃতি দেয়ার ঘোষণা দিয়েছেন।
এ ছাড়া মিয়ানমারের পাঁচজন শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দের সিদ্ধান্ত জানিয়েছে লন্ডন। বেসামরিক নাগরিকদের ওপর বিমান হামলা বন্ধে মিয়ানমারে বিমান চলাচলের জ্বালানি সরবরাহ ও রপ্তানি নিষিদ্ধ করতে নতুন আইন প্রণয়নের উদ্যোগও নিয়েছে দেশটি। গত সপ্তাহে লন্ডন থেকে মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকেও বহিষ্কার করা হয়েছে।
মানবিক সহায়তা ও ন্যায়বিচার নিশ্চিত করতেও নতুন অর্থায়নের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। রাখাইন রাজ্যে প্রায় ৩ লাখ ৫০ হাজার রোহিঙ্গা ও ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি জীবনরক্ষাকারী সহায়তায় ৫০ লাখ পাউন্ড এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত ও তথ্যপ্রমাণ সংরক্ষণে আরও ৩০ লাখ পাউন্ড দেয়ার কথা জানিয়েছে ব্রিটিশ সরকার।
এমজে