দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পূর্ব এশিয়াজুড়ে এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় সামরিক বিমান মোতায়েনের ঘটনা ঘটিয়েছে রাশিয়া। এর মাধ্যমে এ অঞ্চলে নিজেদের সামরিক সক্ষমতা ও দূরপাল্লার শক্তি প্রদর্শনের পাশাপাশি যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার আসন্ন বৈঠকের আগে গুরুত্বপূর্ণ বার্তা দিতে চাইছে মস্কো।
বুধবার ভিয়েতনামের দানাং বিমানবন্দরে রাশিয়ার দুটি টিইউ-৯৫ কৌশলগত বোমারু বিমান অবস্থান করতে দেখা গেছে। ন্যাটোর কাছে ‘বিয়ার’ নামে পরিচিত এই বোমারু বিমান দুটির পাশে ছিল দূরপাল্লার দুটি জ্বালানি সরবরাহকারী বিমান। এর আগে মঙ্গলবার রাশিয়ার দূরপ্রাচ্য থেকে দক্ষিণ দিকে উড়ে যাওয়ার সময় দেশটির সামরিক বিমান তাইওয়ান ও জাপানের বিমানবাহিনীতে সতর্কতা সৃষ্টি করে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে পৌঁছানোর ঠিক আগে এই বিমানগুলো মোতায়েন করা হয়। একই সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিভিন্ন দেশের নেতারা আসিয়ান সম্মেলনে যোগ দিতে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থান করছেন।
সিঙ্গাপুরের আইএসইএএস-ইউসুফ ইসহাক ইনস্টিটিউটের নিরাপত্তা বিশ্লেষক ইয়ান স্টোরি বলেন, ‘এই মোতায়েনের মাধ্যমে স্পষ্টতই আঞ্চলিক দেশগুলোকে মনে করিয়ে দিতে চায় মস্কো যে, ইউক্রেনের চলমান যুদ্ধের মধ্যেও দক্ষিণ-পূর্ব এশিয়ায় সামরিক শক্তি প্রয়োগের সক্ষমতা তাদের রয়েছে।’
স্টোরি জানান, ভিয়েতনামে রাশিয়ার কৌশলগত বিমান মোতায়েনের সর্বশেষ জানা ঘটনা ঘটেছিল ২০১৪ সালে। সে সময় হ্যানয় রাশিয়ার যুদ্ধজাহাজ ও সামরিক বিমানের জন্য সোভিয়েত আমলে নির্মিত ক্যাম রান উপসাগরীয় ঘাঁটি এবং দানাং বিমানবন্দরে বিশেষ সুবিধা দিয়েছিল। ভিয়েতনাম যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীও এসব স্থাপনা উন্নয়নে ভূমিকা রেখেছিল।
স্টোরির ভাষ্য অনুযায়ী, ২০১৪ সালে গুয়াম দ্বীপে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিমান ও নৌঘাঁটির আশপাশে টিইউ-৯৫ বোমারু বিমানের উড্ডয়ন পরিচালনায় সহায়তার জন্য দানাংয়ে জ্বালানি সরবরাহকারী বিমান মোতায়েন করেছিল রাশিয়া। পরবর্তী সময়ে এমন মোতায়েনের ঘটনা তাঁর জানা নেই। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন হ্যানয়ের কাছে অভিযোগ জানানোর পর এ ধরনের মোতায়েন বন্ধ হয়ে থাকতে পারে।
সামরিক কূটনীতিকদের মতে, পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম টিইউ-৯৫ বোমারু বিমান কখনো কখনো গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারির কাজেও ব্যবহার করা হয়।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের ভিয়েতনামের নিরাপত্তাবিষয়ক বিশেষজ্ঞ নগুয়েন থে ফুয়ং বলেন, গত বছর রাশিয়া এ ধরনের সামরিক সুবিধা পুনরায় চালুর অনুরোধ জানিয়েছিল। তবে শুরুতে এ বিষয়ে দ্বিধায় ছিল হ্যানয়।
ফুয়ংয়ের মতে, চলতি সপ্তাহের এই মোতায়েনের মূল উদ্দেশ্য জ্বালানি সংগ্রহ হলেও এটি ভিয়েতনামের অবস্থানে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এর ফলে ভবিষ্যতে রাশিয়ার আরও সামরিক বিমান মোতায়েনের পথ খুলতে পারে।
এ বিষয়ে মন্তব্য জানতে ভিয়েতনামের পররাষ্ট্র মন্ত্রণালয়, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও হ্যানয়ে অবস্থিত রুশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা সাড়া দেয়নি। জাপান ও তাইওয়ানের কাছাকাছি রুশ সামরিক বিমানের উড্ডয়ন নিয়েও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মন্তব্য পাওয়া যায়নি।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি রিসার্চের গবেষক চিয়েহ চুং বলেন, তাইওয়ানের কাছাকাছি রুশ সামরিক বিমানের উপস্থিতি এটাই প্রথম নয়। ১৯৮৬ ও ২০১০ সালেও একই ধরনের ঘটনা ঘটেছিল, যার দুটিতেই টিইউ-৯৫ বিমান জড়িত ছিল।
তিনি বলেন, ‘বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার নেতাদের বৈঠকের আগে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ এই উড্ডয়ন বেছে নিয়েছে রাশিয়া।’ তাঁর মতে, বৈঠকের আগে চীন ও রাশিয়ার ঘনিষ্ঠ সামরিক সহযোগিতার চিত্র তুলে ধরাও এর অন্যতম উদ্দেশ্য হতে পারে।
চীন ও রাশিয়ার মধ্যে ঘনিষ্ঠ রাজনৈতিক ও সামরিক সম্পর্ক রয়েছে। তাইওয়ানের ওপর চীনের সার্বভৌমত্বের দাবিকেও বারবার সমর্থন জানিয়েছে মস্কো। অন্যদিকে, চীনের বিমানবাহিনী ও নৌবাহিনী প্রতিদিনই তাইওয়ানের আশপাশে সামরিক তৎপরতা চালায়।
বুধবার তাইপেতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাইওয়ানের জেনারেল স্টাফের উপপ্রধান হুয়াং চিহ-ওয়েই বলেন, রাশিয়ার সামরিক বিমানের এই উড্ডয়ন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিস্থিতির জন্য হুমকি তৈরি করেছে।
চীনের জন্যও বার্তা
ফুয়ং বলেন, রাশিয়ার সামরিক বিমান মোতায়েনের অনুমতি দিয়ে ভিয়েতনাম সামরিক সরঞ্জাম কেনার ক্ষেত্রেও সুবিধা পাওয়ার আশা করতে পারে। রাশিয়া এখনো ভিয়েতনামের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী দেশ।
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে হ্যানয় প্রকাশ্যে অস্ত্র সরবরাহের উৎস বহুমুখী করার চেষ্টা করছে। তবে রাশিয়ার যন্ত্রাংশ ও কারিগরি সহায়তার ওপর এখনো নির্ভরশীল ভিয়েতনাম। এ ছাড়া অতিরিক্ত সামরিক সরঞ্জাম সরবরাহ নিয়েও দুই দেশের আলোচনা চলছে।
ফুয়ংয়ের মতে, রাশিয়ার নতুন এই মোতায়েনের অনুমতি দিয়ে প্রতিবেশী চীনকেও বার্তা দিতে পারে হ্যানয়। গত সেপ্টেম্বরের শেষ দিকে চীন ঘোষণা দিয়েছিল, লাওসে তাদের বিমানবাহিনীর প্রশিক্ষণের জন্য একটি নতুন সামরিক বিমানঘাঁটি নির্মাণে সহায়তা করছে তারা।
চীনের এ পদক্ষেপের প্রকাশ্যে সমালোচনা করেনি ভিয়েতনাম। তবে প্রশিক্ষণকেন্দ্রটি যেন সামরিক ঘাঁটিতে পরিণত না হয়, তা নিশ্চিত করতে সেখানকার কার্যক্রম পর্যবেক্ষণ করছে দেশটি।
দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ জলসীমা নিয়েও হ্যানয় ও বেইজিংয়ের মধ্যে বিরোধ রয়েছে। এ কারণে মস্কোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ককে দীর্ঘদিন ধরেই কৌশলগত ভারসাম্য রক্ষার উপায় হিসেবে দেখে আসছে ভিয়েতনাম।
ইয়ান স্টোরির মতে, রাশিয়ার বোমারু বিমান মোতায়েনের অনুমতি দিয়ে চীনকে এই বার্তাও দিতে পারে ভিয়েতনাম যে, মস্কোর সঙ্গে তাদের সামরিক সম্পর্ক এখনো শক্তিশালী।
সূত্র: রয়টার্স
এমএস/