দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বসবাসরত প্রবাসীরা নির্দিষ্ট শর্ত পূরণ করে স্ত্রী ও সন্তানদের জন্য রেসিডেন্স ভিসার আবেদন করতে পারেন। এ ক্ষেত্রে স্পনসরের বৈধ রেসিডেন্স ভিসা, নির্ধারিত মাসিক আয়, বাসস্থানের প্রমাণ এবং প্রয়োজনীয় কাগজপত্র থাকতে হবে। আবেদন ও ভিসার খরচ বহন করতে হবে স্পনসরকেই।
দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ-এর তথ্য অনুযায়ী, পরিবারের সদস্যদের স্পনসর করতে আবেদনকারীর ইউএইর বৈধ রেসিডেন্স ভিসা ও এমিরেটস আইডির মেয়াদ অন্তত ছয় মাস থাকতে হবে। পাশাপাশি মাসিক বেতন কমপক্ষে ৪ হাজার দিরহাম অথবা ৩ হাজার দিরহাম ও বাসস্থানের সুবিধা থাকতে হবে। নিবন্ধিত ভাড়ার চুক্তি অথবা নিজের বাড়ির মালিকানার প্রমাণও জমা দিতে হবে। স্পনসরের পেশা বা চাকরির পদবি এখন আর এ যোগ্যতা নির্ধারণের প্রধান শর্ত নয়।
স্ত্রীর ভিসার জন্য তার পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকতে হবে। পাশাপাশি বিয়ের সনদ যথাযথভাবে সত্যায়িত করে আরবি অনুবাদসহ জমা দিতে হবে। সনদটি যে দেশে ইস্যু করা হয়েছে, সেই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ইউএই দূতাবাসের সত্যায়নের পর ইউএইর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সত্যায়নও প্রয়োজন। ১৮ বছর বা তার বেশি বয়সী আবেদনকারীদের অনুমোদিত সরকারি স্বাস্থ্যকেন্দ্রে মেডিক্যাল ফিটনেস পরীক্ষা করাতে হয়। এ ছাড়া সাদা পটভূমিতে তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং স্ত্রী আগে থেকেই ইউএইতে থাকলে তার প্রবেশ অনুমতি বা ভিসার কপিও লাগতে পারে।
আবেদন করা যায় ইউএইর ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটির (ICP) অনলাইন পোর্টাল, দুবাইয়ের জেনারেল ডিরেক্টরেট অব রেসিডেন্সি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্সের (GDRFA) ওয়েবসাইট, আমের সেন্টার কিংবা অনুমোদিত টাইপিং সেন্টারের মাধ্যমে। প্রবেশ অনুমতি পাওয়ার পর বা ইউএইতে প্রবেশের পর মেডিকেল পরীক্ষা, এমিরেটস আইডির আবেদন ও বায়োমেট্রিক তথ্য দেয়ার ধাপ সম্পন্ন করতে হয়। সাধারণত স্পনসরের ভিসার মেয়াদের সঙ্গে সামঞ্জস্য রেখে এক থেকে তিন বছরের রেসিডেন্স ভিসা দেয়া হয়। পরিবারের সদস্যরা ইউএইতে প্রবেশের পর ৬০ দিনের মধ্যে তাদের ভিসার আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করার বিষয়টিও নিশ্চিত করতে হবে।
গালফ নিউজের ২০২৫ সালের ৫ আগস্ট হালনাগাদ করা তথ্য অনুযায়ী, প্রবেশ অনুমতির ফি ৫৫০ দিরহাম, ফাইল খোলার ফি ৩০০ দিরহাম, দুই বছরের এমিরেটস আইডির ফি ৩৮৫ দিরহাম, মেডিক্যাল পরীক্ষার ফি ৩২০ দিরহাম এবং ভিসা স্ট্যাম্পিংয়ের ফি ৫৮০ দিরহাম। সব মিলিয়ে এসব খাতে আনুমানিক খরচ ২ হাজার ১৩৫ দিরহাম। স্ত্রী আগে থেকেই ইউএইতে থাকলে ভিসার ধরন পরিবর্তনের জন্য অতিরিক্ত ৭৫০ দিরহাম লাগতে পারে। তবে আমিরাত, আবেদনকারীর অবস্থান ও আবেদনপ্রক্রিয়া অনুযায়ী অতিরিক্ত ফি যোগ হতে পারে। তাই আবেদনের আগে সংশ্লিষ্ট অভিবাসন কর্তৃপক্ষের কাছ থেকে সর্বশেষ নিয়ম ও ফি যাচাই করে নেয়া উচিত।
কে