দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ) এ তথ্য জানিয়েছে।
বুধবার (২১ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে জিএসিএ জানায়, আহত ব্যক্তিদের আঘাতের মাত্রা সামান্য থেকে গুরুতর। তাদের দ্রুত স্থানীয় বিভিন্ন হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এর আগে একই দিন সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানায়, দেশটির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর শায়েবা তেলক্ষেত্রের একটি স্থাপনা লক্ষ্য করে আসা একটি ড্রোন প্রতিহত করেছে বিমান প্রতিরক্ষা বাহিনী। তবে ওই ঘটনায় দুজন নিহত হয়েছেন বলে জানানো হয়।
ইয়েমেনের হুথি বাহিনী ও সৌদি আরব সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের মধ্যে সংঘাত তীব্র হওয়ায় সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন বন্দর ও তেল স্থাপনা লক্ষ্য করে হামলার প্রবণতা বেড়েছে। দাম্মাম বিমানবন্দরে হামলাকে সেই ধারাবাহিকতার অংশ বলে মনে করা হচ্ছে।
এর আগে গত ১১ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত ও ১১ জন আহত হন। এর আগের দিন, ১০ অক্টোবর, একই বিমানবন্দরে পৃথক হামলায় ১২ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হওয়ার খবর জানিয়েছিল দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
এদিকে, হুথিদের চলমান হামলার মুখে সৌদি আরবে মার্কিন মিশনে কর্মরত কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের অবিলম্বে দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এ ছাড়া ওই অঞ্চলের আরও কয়েকটি মার্কিন মিশন থেকে পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা চলছে বলে রয়টার্সকে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
পরিস্থিতি বিবেচনায় সৌদি আরবে হুথিদের পক্ষ থেকে আরও বড় ধরনের হামলার আশঙ্কায় বুধবার রিয়াদের মার্কিন দূতাবাস জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করেছে।
সূত্র: আল-জাজিরা
যে আই