দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলে প্রশিক্ষণ চলাকালে দেশটির বিমানবাহিনীর একটি মিরাজ ২০০০ডি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটির পাইলট নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন অপর আরোহী, যিনি নেভিগেটরের দায়িত্বে ছিলেন।
বুধবার ফ্রান্সের সশস্ত্র বাহিনী মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
ফরাসি সম্প্রচারমাধ্যম বিএফএমটিভির প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার গভীর রাতে ন্যান্সি শহরের কাছে মের্তে এত মোজেল বিভাগে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটি ন্যান্সি ওশে বিমানঘাঁটি থেকে পরিচালিত হচ্ছিল।
বিমানটিতে দুজন আরোহী ছিলেন। তাদের একজন পাইলট এবং অন্যজন নেভিগেটর। দুর্ঘটনার পর পাইলটের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। তবে নিখোঁজ নেভিগেটরের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১টা ৩৫ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে। ন্যান্সি শহরের উত্তরে রোজভিল, দোমেভ্র এত আয়ান এবং ত্রঁবলকুর গ্রামের মধ্যবর্তী এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়।
কাছের পন্ত আ মুসোঁ শহরের মেয়র অঁরি লেমোয়েন জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ ও অগ্নিনির্বাপণকর্মী মোতায়েন করা হয়েছে।
এক বিবৃতিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি জানান, একটি চালকবিহীন উড়োজাহাজের সাহায্যে বিধ্বস্ত যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়েছে। তবে জরুরি উদ্ধার কার্যক্রম চলমান থাকায় দুর্ঘটনার বিষয়ে কর্তৃপক্ষ বিস্তারিত তথ্য জানায়নি।
এদিকে, রোজভিল গ্রামে একটি জরুরি সমন্বয় কেন্দ্র স্থাপন করা হয়েছে। দুর্ঘটনার কারণে আশপাশের এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলে স্থানীয় কর্তৃপক্ষ সতর্ক করেছে।
দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি নির্ধারণে বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।
/অ