দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার বিরুদ্ধে বিরোধীদের বিক্ষোভে যোগ দিয়েছে।
শুক্রবার বিদুথালাই চিরুথাইগাল কাচি (ভিসিকে) নেতা থোল থিরুমাভালাভান এ তথ্য জানিয়েছেন।
গত ১৫ অক্টোবর চেন্নাইয়ে বিরোধী জোট ইন্ডিয়ার উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভে অংশ নেয় টিভিকে। থিরুমাভালাভান বলেন, দলটি সম্প্রতি তামিলনাড়ুতে ইন্ডিয়া জোটের রাজ্য শাখায় যোগ দিয়েছে। ভবিষ্যতে জাতীয় পর্যায়েও জোটের বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেবে বলে আশা করা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে তিনি বলেন, ‘টিভিকে ইতিমধ্যে ইন্ডিয়া জোটে যোগ দিয়েছে। তারা নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারের বিরোধী। গতকাল তারা ইন্ডিয়া জোটের বিক্ষোভে অংশ নিয়েছে। সম্প্রতি তারা তামিলনাড়ুর রাজ্য শাখায় যোগ দিয়েছে। পরবর্তী সময়ে জাতীয় পর্যায়ের বিক্ষোভেও অংশ নেবে।’
ভারতের নির্বাচন কমিশনের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার বিরুদ্ধে এ বিক্ষোভের আয়োজন করা হয়। এ প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা পর্যালোচনা ও হালনাগাদ করা হয়। বিরোধী দলগুলোর আশঙ্কা, এর ফলে ভোট দেওয়ার যোগ্য অনেক নাগরিকের নাম তালিকা থেকে বাদ পড়তে পারে। তাই ভোটাধিকার সুরক্ষায় যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তারা।
বিক্ষোভ থেকে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিও জানানো হয়। নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দলগুলো।
ইন্ডিয়া জোটের সঙ্গে বিজয়ের দলের ঘনিষ্ঠতা
টিভিকে বিরোধী দলগুলোর বিক্ষোভে অংশ নেওয়ার ঘটনা তামিলনাড়ুতে বিরোধী দলগুলোর সঙ্গে দলটির ধারাবাহিক রাজনৈতিক যোগাযোগের অংশ। গত ৩ অক্টোবর রাজ্য পর্যায়ে ইন্ডিয়া জোটের এক বৈঠকে টিভিকের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে কংগ্রেস, ভারতের কমিউনিস্ট পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী), ভিসিকে, মারুমালার্চি দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
বৈঠকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সমন্বিত বিরোধী অবস্থান এবং ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। বৈঠকে কয়েকটি প্রস্তাব গৃহীত হয়। এর মধ্যে তামিলনাড়ুতে বিরোধী জোটে টিভিকেকে স্বাগত জানানোর প্রস্তাবও ছিল।
এর কয়েক দিন পর, ১০ অক্টোবর চেন্নাইয়ে বিজয়ের বাসভবনে তার সঙ্গে সাক্ষাৎ করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ওই বৈঠকের পর কংগ্রেস ও টিভিকের মধ্যে রাজনৈতিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা আরও জোরালো হয়।
অভিনেতা বিজয় ২০২৪ সালে টিভিকে প্রতিষ্ঠা করেন। তামিলনাড়ুর প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোকে চ্যালেঞ্জ করার লক্ষ্য নিয়ে দলটি নির্বাচনী রাজনীতিতে প্রবেশ করে। ইন্ডিয়া জোটের বিক্ষোভে অংশ নেওয়ার মধ্য দিয়ে বিরোধী দলগুলোর সঙ্গে টিভিকের যোগাযোগ আরও বেড়েছে। তবে জাতীয় পর্যায়ে জোটের কর্মকাণ্ডে দলটির অংশগ্রহণ কতটা বিস্তৃত হবে, তা এখনো স্পষ্ট নয়।
ভোটার তালিকা সংশোধন নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন
গত ১২ অক্টোবর রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধী নেতারা ও তাদের সমর্থকেরা নয়াদিল্লিতে সুপ্রিম কোর্টের দিকে পদযাত্রা করেন। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া খতিয়ে দেখা এবং যোগ্য ভোটারদের নাম বাদ পড়া ঠেকাতে সুরক্ষাব্যবস্থা নিশ্চিত করার দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। ইন্ডিয়া জোট প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিও জানিয়েছে।
বিষয়টি সুপ্রিম কোর্টেও গড়িয়েছে। গত ১৫ অক্টোবর ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগসংক্রান্ত একটি আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নোটিশ দেন। একই সঙ্গে সংশোধন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত গ্রহণের সঙ্গে সম্পর্কিত নথিপত্র চাওয়া হয়।
/অ