দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের নিজস্ব সেমিকন্ডাক্টর সক্ষমতা জোরদারের উদ্যোগের অংশ হিসেবে বেঙ্গালুরুভিত্তিক বিগএন্ডিয়ান সেমিকন্ডাক্টরসকে ১৩০ কোটি রুপি আর্থিক সহায়তা দিচ্ছে দেশটির প্রযুক্তি উন্নয়ন বোর্ড (টিডিবি)। ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের (ডিএসটি) অধীন টিডিবি ‘রিসার্চ ডেভেলপমেন্ট অ্যান্ড ইনোভেশন (আরডিআই) ফান্ড’-এর আওতায় এই সহায়তা দেবে।
‘প্রজেক্ট ভিয়ারএআই’ নামে প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ২৬০ কোটি রুপি। প্রকল্পের মাধ্যমে প্রযুক্তিটিকে বর্তমান টেকনোলজি রেডিনেস লেভেল (টিআরএল)-৫ থেকে টিআরএল-৯ পর্যায়ে উন্নীত করার লক্ষ্য নেওয়া হয়েছে। আর্থিক সহায়তাটি দেওয়া হবে ‘অপশনাল কনভার্টিবল ডেট’ (ওসিডি) পদ্ধতিতে।
প্রকল্পটির মূল লক্ষ্য ক্যামেরাকেন্দ্রিক একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিশন সিস্টেম-অন-চিপ তৈরি করা। সার্বভৌম প্রযুক্তি প্ল্যাটফর্মের ওপর তৈরি এই চিপ নিরাপদ, বুদ্ধিমান ও নির্দিষ্ট প্রয়োজনে ব্যবহারযোগ্য সেমিকন্ডাক্টর সমাধানের ক্রমবর্ধমান চাহিদা পূরণে কাজ করবে।
প্রস্তাবিত প্ল্যাটফর্মে এআই প্রসেসিং ও স্মার্ট ফিচারের পাশাপাশি নিরাপত্তা, গোপনীয়তা এবং কানেক্টিভিটি সুবিধা যুক্ত করা হবে। প্রাথমিকভাবে ভারতের সিসিটিভি ও নজরদারি খাত এবং গ্লোবাল সাউথের বাজারে ব্যবহারের জন্য প্রযুক্তিটি তৈরি করা হচ্ছে।
তবে নজরদারি খাতেই এর ব্যবহার সীমাবদ্ধ থাকবে না। ভবিষ্যতে প্রতিরক্ষা, অটোমোটিভ, শিল্প ও চিকিৎসা খাতেও এই প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে দেশীয়ভাবে তৈরি এআই-নির্ভর সেমিকন্ডাক্টরের জন্য একটি বড় বাজার তৈরির সম্ভাবনা তৈরি হবে।
প্রকল্পটি ভারতের ক্রমবর্ধমান ভিএলএসআই ডিজাইন ও সেমিকন্ডাক্টর দক্ষতাকেও কাজে লাগাবে। দেশীয় ডিজাইন সক্ষমতাকে একটি বাণিজ্যিকভাবে সম্প্রসারণযোগ্য পণ্য প্ল্যাটফর্মে রূপান্তরের লক্ষ্য রয়েছে এ উদ্যোগে।
সাধারণ উদ্দেশ্যে ব্যবহারের চিপের পরিবর্তে নির্দিষ্ট শিল্পের প্রয়োজন অনুযায়ী অ্যাপ্লিকেশন-স্পেসিফিক তৈরিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। এর ফলে প্রযুক্তির দ্রুত প্রয়োগ, বাজারজাতকরণ এবং বাণিজ্যিকীকরণের সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে।
সূত্র: ইন্ডিয়া ব্লুমস
এমএস/