দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী একটি বিমানে হঠাৎই ঘটে গেল ভয়াবহ ঘটনা। মাঝ আকাশে এক পাইলট আরেক পাইলটকে ছুরিকাঘাত করেন। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে ওঠে যে বিমানটি দ্রুত গতিতে নিচে নামতে শুরু করে এবং ছিনতাইয়ের সংকেতও পাঠায়। এমন সংকটময় মুহূর্তে গুরুতর আহত হয়েও বিমানটি নিরাপদে অবতরণের ব্যবস্থা করেন ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার।
বুধবারের ওই ঘটনার পর ক্যাপ্টেন মাচ্ছারের পরিচয় সামনে এসেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাকে ‘সত্যিকারের নায়ক’ হিসেবে অভিহিত করেছেন। নেতানিয়াহুর ভাষ্য, মাচ্ছার ১৭৪ জনের জীবন বাঁচিয়েছেন এবং আকাশে ভয়াবহ বিপর্যয় ঠেকিয়েছেন।
ভারতের রিয়াদ দূতাবাস জানিয়েছে, ছুরিকাঘাতে আহত মাচ্ছারকে উত্তর-পশ্চিম সৌদি আরবের তাবুক শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।
মুম্বাই থেকে পাইলট হওয়ার যাত্রা
ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের বেড়ে ওঠা ভারতের মুম্বাই শহরে। তার বাবা-মা এখনো সেখানেই থাকেন। ২০০৮ সালে তিনি নিউজিল্যান্ডের ডানেডিনে মেইনল্যান্ড এয়ার নামের একটি বিমানচালনা শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হন। তিন বছর পর বাণিজ্যিক পাইলট হিসেবে ভারতীয় বিমান সংস্থা স্পাইসজেটে যোগ দেন।
পরবর্তী সময়ে দুবাইয়ে পাড়ি জমান মাচ্ছার। ২০২২ সালে তিনি ফ্লাইদুবাইয়ে যোগ দেন। এরই মধ্যে তিনি অভিজ্ঞ পাইলট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
মেইনল্যান্ড এয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিলিপ কিন বলেন, সংকটের সময়ও মাচ্ছার শান্ত থাকতে পারতেন।
ফিলিপ কিন বলেন, ‘আমরা তাকে জরুরি অবতরণের জন্য প্রশিক্ষণ দিয়েছিলাম, এমন পরিস্থিতির জন্য নয়। এ ধরনের ঘটনা খুবই বিরল। অনেক বছর আগের কথা, তবে তাকে ভালো ও সৎ কর্মী হিসেবেই মনে আছে।’
মাচ্ছারের পেশাগত সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য অনুযায়ী, তার ৯ হাজার ৭৫০ ঘণ্টার বেশি উড্ডয়ন অভিজ্ঞতা রয়েছে। এর মধ্যে ৬ হাজার ৪০০ ঘণ্টার বেশি সময় তিনি প্রধান পাইলট হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তার সাবেক প্রতিষ্ঠান স্পাইসজেটও এক বিবৃতিতে মাচ্ছারকে ‘নায়ক’ হিসেবে উল্লেখ করে বলেছে, তিনি ‘অগণিত মানুষের জীবন’ বাঁচিয়েছেন।
পাইলট হওয়ার গল্পও বলেছিলেন মাচ্ছার
গত বছর ‘বোনা-ফাইড ব্যান্টার’ নামের একটি পডকাস্টে নিজের পাইলট হওয়ার গল্প বলেছিলেন মাচ্ছার। তিনি জানিয়েছিলেন, ছোটবেলায় বিমান চালানো তার স্বপ্ন ছিল না।
প্রায় ১৯ বছর বয়সে ব্যবস্থাপনা বিষয়ে একটি কোর্সে ভর্তি হয়েছিলেন তিনি। পরিকল্পনা ছিল পরিবারের ব্যবসায় কাজ করার। কিন্তু একটি বিমানচালনা বিষয়ক সেমিনারে অংশ নেওয়ার পর তার আগ্রহ বদলে যায়।
পাইলটের পোশাক পরলে তিনি কাজের সময় ‘কোনো আপস করতেন না’ এবং পুরোপুরি দায়িত্বের ওপর মনোযোগ দিতেন বলে জানিয়েছিলেন মাচ্ছার। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ব্যক্তিগত জীবন, পরিবারের সঙ্গে সময় কাটানো এবং কাজের মধ্যে ভারসাম্য রাখাকেও গুরুত্ব দিতে শুরু করেন তিনি।
তার পরামর্শ ছিল, ব্যক্তিগত জীবনকেও সমান গুরুত্ব দিতে হবে, কারণ এতে দীর্ঘদিন পাইলট হিসেবে কাজ করা সহজ হয়।
পডকাস্টে নিজের কর্মজীবনের বিভিন্ন সংকটের কথাও বলেছিলেন মাচ্ছার। একবার বিমানে এক যাত্রী সময়ের আগেই সন্তান প্রসবের পরিস্থিতিতে পড়েছিলেন। তখন বিমানের কর্মীরা একসঙ্গে কাজ করে নিরাপদে শিশুটির জন্ম নিশ্চিত করেন।
বিমান চালনার ক্ষেত্রে নিজের বেড়ে ওঠার কথা বলতে গিয়ে মাচ্ছার বলেছিলেন, জ্যেষ্ঠ পাইলটদের কাছ থেকে তিনি অনেক কিছু শিখেছেন। বিশেষ করে চাপের পরিস্থিতি কীভাবে সামলাতে হয়, তা তারা তাকে শিখিয়েছেন।
ওই সাক্ষাৎকারের সময় মাচ্ছার জানিয়েছিলেন, তিনি যে কোনো বিমান চালানোর সময় এখন পর্যন্ত জরুরি অবতরণ করতে বাধ্য হননি। তবে চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতি এবং বিমানের ছোটখাটো সমস্যার কারণে বিলম্বের অভিজ্ঞতা তার হয়েছিল।
তার ভাষায়, বিমান দেরি করা তার কাছে বড় বিষয় নয়। যাত্রীরা নিরাপদে বিমান থেকে বের হতে পারছেন কি না, সেটিই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
মাঝ আকাশে কী ঘটেছিল?
ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ উড়োজাহাজটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রিনিচ মান সময় রাত ৩টা ৫ মিনিটে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরের উদ্দেশে উড্ডয়ন করে। বিমানে অন্তত ১৫০ জন যাত্রী ছিলেন। নেতানিয়াহু জানিয়েছেন, তাদের প্রায় সবাই ইসরায়েলি নাগরিক।

বিমান চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, উড্ডয়নের প্রায় আড়াই ঘণ্টা পর সৌদি আরবের আকাশসীমায় বিমানটি দ্রুত নিচে নামতে শুরু করে। প্রায় দুই মিনিটেরও কম সময়ে এটি ১৭ হাজার ফুটের বেশি নিচে নেমে যায়।
কয়েক মিনিট পর বিমানটি জরুরি সংকেত পাঠায়। এরপর এমন একটি সংকেত পাঠানো হয়, যা সাধারণত বিমান ছিনতাইয়ের পরিস্থিতি বোঝাতে ব্যবহার করা হয়।
ভোর ৫টা ৪০ মিনিটে বিমানটি অল্প সময়ের জন্য জর্ডানের আকাশসীমায় প্রবেশ করে আবার সৌদি আরবের দিকে ফিরে আসে। পরে সেখানে অবতরণের জন্য ধীরে ধীরে নিচে নামতে শুরু করে। এক ঘণ্টারও কম সময় পর আবার জরুরি সংকেত পাঠানো হয়।
প্রাথমিক স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে ইসরায়েলি কর্মকর্তাদের উদ্ধৃত করে বলা হয়েছিল, দুই পাইলটের মধ্যে মারামারি হয়েছিল। তবে পরে নেতানিয়াহু জানান, এক পাইলট অন্য পাইলটকে ছুরিকাঘাত করেছিলেন এবং এরপর তিনি বিমানটি ‘সম্ভবত বিধ্বস্ত করার চেষ্টা’ করেছিলেন।
নেতানিয়াহুর ভাষ্য অনুযায়ী, বিমানে থাকা এক ইসরায়েলি যাত্রী তাকে জানিয়েছেন, বিমানটি ঘুরতে শুরু করে এবং নিচে নামতে থাকে। তখন ওই যাত্রী ও বিমানের একজন কর্মী ককপিটে ঢুকে ছুরিকাঘাতকারী পাইলটকে নিয়ন্ত্রণে আনেন।
পরে বিমানটি উত্তর-পশ্চিম সৌদি আরবের তাবুক বিমানবন্দরে ঘুরিয়ে নেওয়া হয়। স্থানীয় সময় সকাল ৬টা ৫৮ মিনিটে সেখানে বিমানটি অবতরণ করে।
এরপর ছুরিকাঘাতে আহত পাইলট হিসেবে ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের পরিচয় নিশ্চিত হয়।
প্রশংসা মোদি-ট্রাম্পেরও
মাচ্ছারের সাহসিকতার প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, গুরুতর আহত হয়েও মাচ্ছার অন্যদের জীবন রক্ষায় অসীম সাহস ও দৃঢ় সংকল্প দেখিয়েছেন। তার সাহস শত শত মানুষের জীবন বাঁচাতে এবং বড় ধরনের বিপর্যয় এড়াতে সহায়তা করেছে বলেও মন্তব্য করেন মোদি। পাশাপাশি তার দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও মাচ্ছারের ‘অসাধারণ সাহস’ এবং গুরুতর বিপদের মধ্যেও ‘উল্লেখযোগ্য উপস্থিত বুদ্ধির’ প্রশংসা করেছেন।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও মাচ্ছারের প্রশংসা করেন। তিনি বলেন, হামলার সময় পাইলটটি খুব খারাপ অবস্থায় ছিলেন। তবু ককপিটের দরজা খোলার মতো বুদ্ধিমত্তা তিনি দেখিয়েছিলেন।
ঘটনার পর মাচ্ছারকে নিয়ে ভারতীয় সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রশংসা শুরু হয়েছে। অনেকেই তাকে নায়ক হিসেবে অভিহিত করছেন। তার পুরোনো পডকাস্টের বিভিন্ন অংশও এরই মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
/অ