দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাস্তা পরিদর্শনে গিয়ে এবার বিতর্কে জড়ালেন বিজেপির মন্ত্রী পারভেশ ভার্মা। ভিডিও ধারণ করতে থাকা এক তরুণকে প্রকাশ্যে চড় মারার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। শুধু তাই নয়, মন্ত্রীর চড়ের জবাবে পাল্টা চড় মারতে যান ওই তরুণও। একপর্যায়ে দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পুরো ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা।
ভারতের পশ্চিম দিল্লির তিলক নগরে একটি রাস্তা পরিদর্শনে গিয়েছিলেন দিল্লির লোকনির্মাণ দপ্তরের (পিডব্লিউডি) মন্ত্রী পারভেশ ভার্মা। সেখানে আম আদমি পার্টির তিলক নগরের বিধায়ক জারনাইল সিংয়ের সঙ্গে রাস্তার নির্মাণমান নিয়ে তার কথা-কাটাকাটি হয়।
ভিডিওতে দেখা যায়, জারনাইল সিং রাস্তার পিচের বড় অংশ হাত দিয়ে তুলে ফেলছেন। তিনি দাবি করেন, রাস্তার নির্মাণ এতটাই নিম্নমানের যে হাত দিয়েই তা তুলে ফেলা যাচ্ছে। এ নিয়ে মন্ত্রী ও বিধায়কের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়।
এরপর পারভেশ ভার্মা সেখান থেকে চলে যাওয়ার সময় জারনাইল সিংয়ের ব্যক্তিগত সহকারী সাহিব সিং তাদের কথোপকথন ভিডিও করছিলেন। ভিডিও ধারণ বন্ধ করতে পারভেশ ভার্মা তার হাত থেকে মোবাইল ফোন সরিয়ে দিয়ে তাকে চড় মারেন।
ভিডিওতে এরপর ওই তরুণকেও মন্ত্রীর দিকে পাল্টা হাত তুলতে দেখা যায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এক নিরাপত্তাকর্মী দুজনের মাঝখানে দাঁড়িয়ে তাদের আলাদা করার চেষ্টা করেন।
ঘটনার শিকার সাহিব সিং সংবাদ সংস্থা এএনআইকে বলেন, তিনি জারনাইল সিংয়ের পেজে ঘটনাটি সরাসরি সম্প্রচার করছিলেন। সেই লাইভ বন্ধ করতেই মন্ত্রী তার ফোন কেড়ে নিয়ে তাকে চড় মারেন। তিনি দাবি করেন, তিনি মন্ত্রীকে কোনোভাবে উসকানি দেননি। এ ঘটনায় তিনি পুলিশের কাছে অভিযোগও করেছেন।
অন্যদিকে, পারভেশ ভার্মার দাবি, জারনাইল সিংয়ের এক সহযোগী তার পরিবারের সদস্যদের গালিগালাজ করেছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি প্রতিক্রিয়া দেখান বলে জানান মন্ত্রী।
ঘটনার পর জারনাইল সিং ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে পারভেশ ভার্মার বিরুদ্ধে অভিযোগ তোলেন। সাবেক দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও ওই মন্ত্রীর গ্রেপ্তার দাবি করেছেন। তথ্যসূত্র: এএনআই
কেএম