দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বনেতাদের হুতিদের ‘মিথ্যা প্রতিশ্রুতিতে’ আশ্বস্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের উপ-প্রেসিডেন্ট আবদুল্লাহ আল-আলিমি বাওয়াজির।
বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘বারবার অন্তহীন প্রতিশ্রুতি দিয়ে সেগুলো রক্ষা না করা একটি সন্ত্রাসী গোষ্ঠীর মিথ্যা প্রতিশ্রুতিতে আশ্বস্ত হবেন না। আজ তারা জাহাজে হামলা না করলেও এর অর্থ মোটেও এই নয় যে, আগামীকাল তারা তা করবে না।’
আল-আলিমি লোহিত সাগরের মুখে অবস্থিত গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দাব প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। তার ভাষ্য, হুতিদের নিয়ন্ত্রণ ও অবরোধের হুমকির কারণে গুরুত্বপূর্ণ এই নৌপথটি ঝুঁকির মধ্যে রয়েছে।
তিনি বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ইয়েমেনি রাষ্ট্র পুনঃপ্রতিষ্ঠা এবং বাব আল-মান্দাবের নিরাপত্তা পুনরুদ্ধার একে অপরের থেকে আলাদা নয়।’
ইয়েমেনের জনগণের প্রতিও সরাসরি আহ্বান জানান দেশটির উপ-প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘আমাদের সংগ্রাম কোনো ইয়েমেনি নাগরিকের বিরুদ্ধে নয়। কোনো অঞ্চল, প্রদেশ, কোনো সম্প্রদায় বা সামাজিক গোষ্ঠীর মানুষের বিরুদ্ধেও নয়।’
আল-আলিমি বলেন, তারা এমন একটি নিরাপদ, স্থিতিশীল ও সমৃদ্ধ ইয়েমেন চান, যেখানে নাগরিকদের মর্যাদা সুরক্ষিত থাকবে, অর্থনীতি পুনর্গঠিত হবে, শিশুদের শিক্ষার সুযোগ থাকবে, তরুণদের কর্মসংস্থান হবে এবং পরিবারগুলো নিরাপত্তা পাবে।
সূত্র: সিএনএন
/অ