দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভয়ানক হয়ে উঠছে ডেঙ্গু। প্রতিদিন মৃত্যুতে গড়ছে রেকর্ড। বুধবার (১৯ জুলাই) ডেঙ্গুতে রেকর্ড ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ১৪৬ জন মারা গেছেন। এরমধ্যে পুরুষ ৬৩ জন আর নারী ৮৩ জন। এ হিসেবে ডেঙ্গুতে মৃত্যুর তালিকায় নারীর সংখ্যা বেশি।
তবে আক্রান্তের দিক দিয়ে পুরুষের সংখ্যা বেশি। এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ হাজার ৭৯২ জন। এরমধ্যে পুরুষ ১৬ হাজার ২৭২ জন। আর নারী ৯ হাজার ৫২০ জন।
বুধবার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের স্বাক্ষর করা প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
তথ্যে বলা হয়েছে, বেশি আক্রান্ত ও মৃতের মধ্যে রয়েছে ১৮ থেকে ৪০ বছর বয়সীরা। ১৮ থেকে ৪০ বছর বয়সী মোট আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৯২৭ জন। যা মোট আক্রান্তদের অর্ধেকের বেশি। শিশুরা তুলনামূলক কম আক্রান্ত হচ্ছে। এ বছর এখন পর্যন্ত মোট ১ হাজার ৭০৯টি শিশু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
এতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৫ হাজার ৫৫২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ঢাকায় বর্তমানে ৩ হাজার ৩৭০ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ২ হাজার ১৮২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।
চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ২৫ হাজার ৭৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ঢাকায় ১৬ হাজার ৩৯৮ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছে ৯ হাজার ৩৯৪ জন।
আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২০ হাজার ৯৪ জন। এর মধ্যে ঢাকায় ১২ হাজার ৯১৫ এবং ঢাকার বাইরে ৭ হাজার ১৭৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।