দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভেনিসে বাংলাদেশের সিনেমা, সংস্কৃতি আর নিজের অভিনয়—সব মিলিয়ে দারুণ কিছু অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন অভিনেত্রী সুনেরাহ্ বিনতে কামাল। প্রথমবারের মতো মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গিয়ে দর্শকের ভালোবাসা থেকে শুরু করে বাংলাদেশের তৈরি পোশাকের প্রশংসা—বেশ কিছু ঘটনায় অভিভূত এই অভিনেত্রী। বিশেষ করে বিদেশের মাটিতে বাংলাদেশি হিসেবে পাওয়া এই ভালোবাসাকে নিজের অভিনয়জীবনের বড় প্রাপ্তি মনে করছেন তিনি।
গত ৫ আগস্ট ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালির ভেনিস বিমানবন্দরে পৌঁছান সুনেরাহ্। পরদিন ছিল তাদের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর প্রিমিয়ার। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি শেষে বিমানবন্দরেই কফি ও অন্যান্য খাবার খেয়ে কিছুটা সময় কাটান তিনি। পরে বিল দিতে গিয়ে ঘটে অপ্রত্যাশিত এক ঘটনা।
সুনেরাহ্ বলেন, ‘আমি কফিসহ আরও এটা-ওটা খেয়ে স্বাভাবিকভাবেই বিল দিতে যাব। হঠাৎ দেখি বিল নিচ্ছেন না। তাদের কথায় বুঝতে পারলাম বিল লাগবে না। আমি তো অবাক, কেন লাগবে না! পরে সেখানকার একজন বলছিলেন, ‘‘আমি আপনাকে চিনি’’। আমি আপনার অভিনীত নাটক, সিনেমা দেখেছি। আমিও বাংলাদেশি। এ বিলটা আপনি না দিলেই খুশি হব।” পরে তো তারা বিল নিলেন না। এ ঘটনায় আমি আসলে অভিভূত। আমি সম্মানিত বোধ করেছি।’
২ সেপ্টেম্বর শুরু হয়েছে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। উৎসবে যাওয়ার অন্যতম কারণ ছিল সিনেমার পাশাপাশি বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরা। সে অনুযায়ী নিজের পোশাকের পরিকল্পনাও করেছিলেন সুনেরাহ্। উৎসবে তার পোশাকও বিদেশিদের নজর কেড়েছে।

সুনেরাহ্ বলেন, ‘আমরা আসলে দেশের কোনো কিছুকে অনেক সময় গুরুত্ব দিতে চাই না। অথচ আমার সব পোশাক দেশ থেকে বানানো। এই ডিজাইনগুলো উৎসবের বহু বিদেশি প্রশংসা করেছেন। অনেকেই জিজ্ঞাসা করেছেন, আমি এটা কোথা থেকে বানিয়েছি। তারা বিশ্বাসই করতে চাননি দেশের তৈরি। পোশাক নিয়ে উৎসবে যেমন ভালো অভিজ্ঞতা হয়েছে, আবার যখন আমাদের প্রিমিয়ারের পরে পার্টি ছিল, সেখানেও সবাই আমার পোশাকের ডিজাইন দেখে অভিভূত। কোনোভাবেই বিশ্বাস করাতে পারিনি এগুলো বাংলাদেশের তৈরি। বাংলাদেশের কাজের এই প্রশংসা আমার কাছে অনেক সম্মানের মনে হয়েছে।’
এবারই প্রথম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতামূলক কোনো বিভাগে বাংলাদেশের কোনো পূর্ণদৈর্ঘ্য সিনেমা জায়গা করে নেয়। উৎসবের অরিজোন্তি বিভাগে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর প্রিমিয়ার হয় ৬ সেপ্টেম্বর।
সিনেমাটির গল্প বিয়ে, সাজসজ্জা ও একটি সৌন্দর্যচর্চাকেন্দ্রকে ঘিরে। বিয়ের সাজের প্রস্তুতি নিতে নিতে সৌন্দর্য, শরীর, বিশ্বাস, স্মৃতি ও ভয়কে ঘিরে এক অস্বস্তিকর ও রহস্যময় জগতের সঙ্গে জড়িয়ে পড়ে একটি মেয়ে। সামাজিক গল্পের সঙ্গে সিনেমাটিতে যুক্ত হয়েছে ভৌতিক ঘরানা।
প্রিমিয়ারের পর নিজের অভিজ্ঞতা জানিয়ে সুনেরাহ্ বলেন, ‘আমার তো সিনেমায় উপস্থিতি কিছুটা কম সময়ের। এই অংশটুকুই দেখি অনেক দর্শক মনে রেখেছেন। প্রিমিয়ারের পরে সবাই আমাকে সেই চরিত্রের কথা বলে ডাকছেন। এটাও আমাকে বেশ অবাক করেছে।’
তিনি আরও বলেন, ‘আমার দারুণ অভিজ্ঞতা হয়েছে প্রিমিয়ারের পরে। সবাই বাংলাদেশের সিনেমা নিয়ে কথা বলছে। আমাদের সিনেমা বেশির ভাগ দর্শক ও সমালোচকই দেখেননি। তারা বাংলাদেশের সিনেমার খোঁজ নিচ্ছিলেন। আমাকে অনেক দর্শকই বলেছেন, “তোমরা ভালো সিনেমা বানিয়েছ। তোমাদের সিনেমা আরও দেখতে চাই।”’
এরপর নিজের আরেকটি অভিজ্ঞতা শেয়ার করে সুনেরাহ্ বলেন, ‘আমি তো প্রিমিয়ারের পরে পোল্যান্ডে এসেছি। বিমানবন্দরে আমি অভিনেত্রী, ভেনিসে এসেছি শোনার পরে তারা আমাকে অনেক সম্মান জানিয়েছে। একই সঙ্গে সিটটাও পরিবর্তন করে দিয়েছিল। এগুলো অভিনেত্রী হিসেবে আমার প্রাপ্তির খাতা ভারী করল।’
১২ সেপ্টেম্বর সমাপনী দিনে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নিয়ে শেষ আয়োজনে হাজির হবেন সুনেরাহ্। এরপর দেশে ফিরবেন তিনি। সিনেমাটি নিয়ে আশাবাদী এই অভিনেত্রী বলেন, ‘সবার এত প্রশংসা, মনে হচ্ছে আমাদের সিনেমাটি পুরস্কার পেতে পারে। সেই অপেক্ষায় আছি।’
সিনেমাটি পরিচালনা করেছেন রুবাইয়াত হোসেন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাইনীন করিম চৌধুরী। আরও অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু, শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারী।
/অ