দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ সফরে পদ্মার ইলিশ ও গরুর মাংস খাওয়া নিয়ে মন্তব্য করে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন প্রবীণ অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী। বিশেষ করে হিন্দু ব্রাহ্মণ হয়েও প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা বলায় তাঁকে নিয়ে নানা ধরনের কটাক্ষ ও ট্রোল শুরু হয়। তবে তাঁর খাদ্যাভ্যাসের স্বাধীনতার পক্ষেও কথা বলেছেন অনেকে।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক যখন তুঙ্গে, তখন বিষয়টি নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেতা। নিজের খাবারের পছন্দ নিয়ে প্রশ্ন তোলায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আমার পেট, আমার মন, আমার হাত। আবার যে খাবার খাব, তার জন্য যে টাকা খরচ হবে, সেটাও তো আমার। তাহলে আমি কী খাব আর কতটা খাব, সেটা অন্য কেউ ঠিক করে দেবে? বললেই হলো নাকি?’
মামলা দায়েরের দাবি
অভিনেতা জানান, এক বোনের জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে গত ৪ সেপ্টেম্বর বাংলাদেশে গিয়েছিলেন তিনি। পরদিনই দেশে ফিরে যান। বাংলাদেশের আতিথেয়তায় তিনি মুগ্ধ বলেও জানান।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোলিং ও কটাক্ষের মাত্রা সীমা ছাড়িয়ে যাওয়ায় বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন বিশ্বজিৎ চক্রবর্তী। তিনি বলেন, ইতিমধ্যে এ বিতর্ক ও কটাক্ষের বিরুদ্ধে মামলা করেছেন। বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে এবং বর্তমানে বিচারাধীন থাকায় এ নিয়ে বিস্তারিত মন্তব্য করতে চান না তিনি।
এদিকে বিশ্বজিৎ চক্রবর্তীর পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী মানসী সিনহা, অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায় ও আদৃত রায়সহ অনেকে।
সুরজিৎ বন্দ্যোপাধ্যায় এক পোস্টে বিশ্বজিৎ চক্রবর্তীর সমর্থনে লেখেন, দুই বাংলার একাত্মতা নিয়ে তাঁর বক্তব্য এবং গরুর মাংস খাওয়ার কথা স্বীকার করার কারণে যাঁরা তাঁর ছবি বিকৃত করে বা জুতোর মালা পরিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন, তাঁদের সমালোচনা করেন তিনি। একই সঙ্গে শিল্পীদের এ ধরনের কর্মকাণ্ডের প্রতিবাদ করার আহ্বান জানান। নিজের অভিজ্ঞতার কথাও উল্লেখ করে তিনি জানান, তিনিও দুবার বিফ রোল খেয়েছেন।
অভিনেত্রী মানসী সিনহাও বিশ্বজিৎ চক্রবর্তীকে নিয়ে নোংরা পোস্টের নিন্দা জানিয়েছেন। তিনি এসব পোস্টদাতাকে চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর প্রতি আহ্বান জানান।
এমএস/