দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভাড়ায় চালিত উড়োজাহাজ নিয়ে মন্তব্য করে আইনি জটিলতায় পড়েছেন অভিনেত্রী নোরা ফাতেহি। তার বিরুদ্ধে ৩ কোটি রুপির দেওয়ানি মানহানি মামলা করেছে ডিউনস এভিয়েশন। গান্ধীনগরের আদালতে করা মামলায় প্রতিষ্ঠানটির দাবি, নোরার মন্তব্যে তাদের সুনাম ক্ষুণ্ন হয়েছে এবং ব্যবসায়িক ক্ষতি হয়েছে।
ঘটনার সূত্রপাত গত বছরের ডিসেম্বরে। মুম্বাই থেকে জয়পুর যাওয়ার পথে ডিউনস এভিয়েশনের পরিচালিত সেসনা সিটেশন সিজে২ উড়োজাহাজে ভ্রমণ করেন নোরা। যাত্রার সময় উড়োজাহাজের ভেতরের ভিডিও ধারণ করে পরে তা ইনস্টাগ্রামে প্রকাশ করেন তিনি। সেখানে উড়োজাহাজটিকে ‘ক্ষুদ্র’, ‘খেলনা’ ও ‘লেগো বিমান’ হিসেবে উল্লেখ করেন বলে অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি।
ডিউনস এভিয়েশনের দাবি, নোরার সামাজিক যোগাযোগমাধ্যমে বিপুলসংখ্যক অনুসারী থাকায় তার মন্তব্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ইনস্টাগ্রামে নোরার অনুসারীর সংখ্যা ৪ কোটি ৬০ লাখের বেশি। ফলে মন্তব্যের প্রভাবও বড় পরিসরে পড়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
মামলায় প্রতিষ্ঠানটি আরও দাবি করেছে, নোরার মন্তব্যের পর তাদের উড়োজাহাজ ভাড়ার বুকিং ১৫ থেকে ২০ শতাংশ কমে যায় এবং বাতিলের সংখ্যাও বেড়ে যায়। এসব মন্তব্যকে ‘অবমাননাকর ও বেপরোয়া’ আখ্যা দিয়ে ডিউনস এভিয়েশন বলেছে, কোনো কারিগরি জ্ঞান, যাচাই বা তথ্যভিত্তিক ভিত্তি ছাড়াই নোরা এমন মন্তব্য করেছেন।
উড়োজাহাজটির নিরাপত্তা ও উপযোগিতা নিয়েও নিজেদের অবস্থান জানিয়েছে প্রতিষ্ঠানটি। ডিউনস এভিয়েশনের দাবি, সেসনা সিটেশন সিজে২ মুম্বাই-জয়পুর যাত্রার জন্য উপযুক্ত একটি উড়োজাহাজ। এটি ভারতের বেসামরিক বিমান চলাচল মহাপরিচালকের অনুমোদিত ও উড্ডয়নযোগ্য ছিল। বৈধ অনিয়মিত উড়োজাহাজ পরিচালনা অনুমতিপত্রের অধীনেই এটি পরিচালিত হচ্ছিল বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
৩ কোটি রুপি ক্ষতিপূরণের পাশাপাশি নোরার করা ওই পোস্ট এবং উড়োজাহাজটি নিয়ে তার মন্তব্যসংবলিত অন্যান্য অনলাইন বিষয়বস্তু সরিয়ে নেওয়ার নির্দেশ চেয়েছে ডিউনস এভিয়েশন। একই সঙ্গে নোরার কাছ থেকে প্রকাশ্য ব্যাখ্যাও চাওয়া হয়েছে।
মামলাটির শুনানি আগামী ২৫ সেপ্টেম্বর গান্ধীনগরের আদালতে জ্যেষ্ঠ দেওয়ানি বিচারক আর আগরওয়ালের সামনে হওয়ার কথা রয়েছে। তবে ডিউনস এভিয়েশনের করা এসব অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি; মামলার শুনানির পরই বিষয়টির আইনি অবস্থান স্পষ্ট হবে।
/অ