দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রুপালি পর্দা কিংবা ছোট পর্দায় এখন লাখ লাখ টাকা পারিশ্রমিক নেন তারকারা। তবে শোবিজে ক্যারিয়ারের শুরুতে তাঁদের অনেকের প্রথম পারিশ্রমিক ছিল অবাক করার মতো কম। কবরী, রোজিনা, শাবানা, মৌসুমী, শাবনূর, পূর্ণিমা, মেহজাবীন ও কেয়া পায়েলের প্রথম পারিশ্রমিকের গল্পও বেশ চমকপ্রদ।
ঢালিউডের মিষ্টি মেয়ে সারাহ বেগম কবরী ১৯৬৪ সালে সুভাষ দত্ত পরিচালিত ‘সুতরাং’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। সিনেমাটিতে অভিনয়ের জন্য তাঁর প্রথম পারিশ্রমিক ছিল ১ হাজার ১১১ টাকা।
একই সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা ‘জানোয়ার’ সিনেমায় ছোট একটি দৃশ্যে ট্রে হাতে হেঁটে যাওয়ার অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে কাজ শুরু করেন। সেই কাজের জন্য তাঁর প্রথম পারিশ্রমিক ছিল মাত্র ১০ টাকা।
বাংলা চলচ্চিত্রের সুবর্ণযুগের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শাবানা। ক্যারিয়ারের শুরুতে ষাটের দশকে তাঁর পারিশ্রমিক তুলনামূলক কম থাকলেও সত্তরের দশকের শুরুতে জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে তা ২ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত ওঠে। পরবর্তী সময়ে সিনেমাপ্রতি তাঁর পারিশ্রমিক ৯ লাখ টাকা পর্যন্ত পৌঁছায়।
নব্বইয়ের দশকে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে ওঠেন মৌসুমী। একই সময়ে শাবনূরও ঢালিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেন। ক্যারিয়ারের শুরুর দিকে দুজনের পারিশ্রমিক কয়েক হাজার টাকা থেকে শুরু হলেও জনপ্রিয়তার তুঙ্গে তাঁরা সিনেমাপ্রতি ৫ থেকে ৮ লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক নেন।
১৯৯৭ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমায় রিয়াজের বিপরীতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পূর্ণিমার। প্রথম সিনেমার জন্যই তিনি পারিশ্রমিক হিসেবে পেয়েছিলেন ১ লাখ টাকা।
ছোট পর্দা থেকে ওটিটি ও বড় পর্দায় নিজের অবস্থান তৈরি করা মেহজাবীন চৌধুরীর প্রথম পারিশ্রমিকও ছিল উল্লেখযোগ্য। ২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার হওয়ার পর ইফতেখার আহমেদ ফাহমির ‘তুমি থাকো সিন্ধু পাড়ে’ নাটকে প্রথম অভিনয় করেন তিনি। ওই নাটকের শুটিং শেষে পারিশ্রমিক হিসেবে পান ১৫ হাজার টাকা।
হালের ব্যস্ততম নাট্য অভিনেত্রীদের একজন কেয়া পায়েল। ২০১৮ সালে আফরান নিশোর বিপরীতে ‘একটাই আমার তুমি’ নাটকের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন তিনি। প্রথম কাজের জন্য পায়েল পেয়েছিলেন ১০ হাজার টাকা।
প্রথম পারিশ্রমিকের অঙ্কে তারকাদের মধ্যে যেমন বড় পার্থক্য রয়েছে, তেমনি সময়ের ব্যবধানও স্পষ্ট। তবে ১০ টাকা দিয়ে শুরু করা রোজিনা থেকে ১০ হাজার টাকা দিয়ে শুরু করা কেয়া পায়েল—সবার ক্ষেত্রেই ক্যারিয়ারের প্রথম দিকের সেই ছোট অর্জন পরবর্তী সাফল্যের ভিত্তি তৈরি করেছে।
এমএস/